ভ্রাম্যমাণ আদালতের ওপর জেলেদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার রোদারপুড্ডা নদীতে গতকাল শনিবার অবৈধ জালবিরোধী অভিযান চালানোর সময় জেলেরা ভ্রাম্যমাণ আদালতের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁর ব্যক্তিগত পিস্তল দিয়ে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মৎস্য বিভাগের উদ্যোগে গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত জারুইতলা ইউনিয়নের রোদারপুড্ডা নদীতে অবৈধ বেড়জাল জব্দের জন্য অভিযান চালান। এতে নেতৃত্ব দেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম। অভিযানের সময় আদালত নদী থেকে নয়টি এবং রোদারপুড্ডা মাইজহাটির একটি সেতু থেকে দুটি বেড়জাল জব্দ করেন। জালগুলো নিয়ে আসার সময় জেলেরা ভ্রাম্যমাণ আদালতের ওপর ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় ইউএনও, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়াউল হক, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরীসহ সাতজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউএনও তাঁর ব্যক্তিগত পিস্তল দিয়ে দুটি ফাঁকা গুলি ছোড়েন। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে গতকাল দুপুর দুইটায় ইউএনওর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তাঁরা হলেন, জারুইতলা ইউনিয়নের রোদারপুড্ডা মাইজহাটি গ্রামের সুনামউদ্দিন (৬৫) ও সবদর আলী (৪০)। এ ছাড়া জব্দ করা ১১টি বেড়জাল উপজেলা চত্বরে পুড়িয়ে ফেলা হয়।
মৎস্য কর্মকর্তা জিয়াউল হক বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলা মৎস্য কার্যালয়ের অফিস সহকারী মনিরুল ইসলাম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে আরও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে নিকলী থানায় একটি মামলা দায়ের করেছেন।
ইউএনও মাহবুব আলম বলেন, জেলেরা তাঁদের ওপর ইটপাটকেল ছোড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি ব্যক্তিগত পিস্তল দিয়ে ফাঁকা গুলি করেছেন। পুলিশ গুলি করতে পারত কি না, এমন এক প্রশ্নের জবাবে মাহবুব আলম বলেন, তাঁর ভাষায়, ‘আমি মূলত ভয়েই গুলি করেছি।’
নিকলী থানার ওসি মুঈদ চৌধুরী বলেন, সাজা পাওয়া দুজনকে গতকাল বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।