ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান-চলতি নদীতে অবৈধ বোমা মেশিন বন্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এতে উপজেলা প্রশাসনের কর্মচারী, পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন ১০ জন। গতকাল রোববার বিকেল চারটায় এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০টি ফাঁকা গুলি ছোড়ে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে ধোপাজান- চলতি নদীর আদাং এলাকায় বোমা মেশিন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত।
এ সময় কয়েকটি বোমা মেশিন জব্দ করে সেগুলো পুড়িয়ে ফেলা হয়। এরপর হঠাৎ করেই এলাকাবাসী জড়ো হয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান।
হামলাকারীরা ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা পুলিশ ও অন্যান্য কর্মকর্তাদের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকেন। এতে উপজেলা প্রশাসনের অফিস সহকারী আবদুর রকিব পাঠান, বিশ্বম্ভরপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখর রঞ্জন পাল, কনস্টেবল আবু তালেব, কাউসার ও প্রদীপ বিশ্বাস, প্রশাসনের কর্মচারী সৈয়দ আহমদ, শ্রমিক সমর বিশ্বাস, সিরাজ মিয়া, মুজিবুর ও বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ আহত হন। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
একই সময় নদীর পূর্বপাড়ে সুনামগঞ্জ সদর উপজেলা অংশে অভিযান চালাচ্ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহসিনা বেগমের নেতৃত্বে একটি দল। তাঁরা ঘটনা দেখে এ পাড়ে এসে বিশ্বম্ভরপুরের ইউএনওসহ অন্যদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
খন্দকার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জানান, অভিযান শেষ করে ফেরার পথে কয়েক শ লোক লাঠিসোঁটা, দা, রামদা নিয়ে হামলা চালান। আদাং এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য করম আলীর উসকানিতেই হামলার ঘটনা ঘটেছে। তিনি ওই নদীতে অবৈধ বোমা মেশিন চালানোর নেতৃত্ব দিচ্ছেন। আহত না হলেও তাঁর পায়ে একটি ঢিলের আঘাত লেগেছে বলে জানান তিনি।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুর রহমান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০টি ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।