ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা দেওয়া এবং নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুজ্জামানের গাড়ি ভাঙচুরের ঘটনায় আসলাম উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে কুমারখালী উপজেলার স্টেশন রোড বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার প্রতিবাদে দোকান বন্ধ করে ধর্মঘট পালন করেছে কুমারখালী বাজারের ব্যবসায়ীরা।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে শহরের স্টেশন রোড বাজার এলাকায় কয়েকটি ফলের ও পোশাকের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন হাজার ৩০০ টাকা জরিমানা করেন। এ সময় বেশি দামে পণ্য বিক্রয়ের দায়ে ইয়াং কালেকশন গার্মেন্টসে নামের একটি দোকানের মালিককে এক হাজার টাকা জরিমানা করেন আদালত। এ সময় দোকানের মালিক শাকিল আহমেদ ও বণিক সমিতির সভাপতি কে এম আলম ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিমের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

বাগ্‌বিতণ্ডায় একপর্যায়ে কে এম আলমের নেতৃত্বে ব্যবসায়ীরা ইউএনওর গাড়িতে হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলেন। এ ঘটনায় পুলিশ আসলাম উদ্দিন নামে এক ব্যবসায়ী নেতাকে আটক করলে আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করে।

ইউএনও শাহিনুজ্জামান প্রথম আলোকে বলেন, পোশাকের দোকানটি কেনা দামের তুলনায় অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছিল। ১ হাজার ৪০০ টাকায় কেনা জামা ২ হাজার টাকায় বিক্রি করছিল। অতিরিক্ত লাভ করছিল। এ জন্য জরিমানা করা হয়। এতে কয়েকজন ব্যবসায়ী নেতা বাধা দেন। তাঁরা গাড়িতে হামলা করে গাড়ির গ্লাস ভাঙচুর করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, বণিক সমিতির সভাপতি কে এম আলমসহ হামলার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিকে রাতে জেলা কারাগারে পাঠানো হবে।