ভোলার মনপুরা উপজেলার রামনেওয়াজ ঘাটে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা হয়েছে। উপজেলা যুবলীগের সহসভাপতির নেতৃত্বে জেলেরা এ হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ হোসেন ও মৎস্য কর্মকর্তা আবদুল্যাহ মো. সাইদুর রহমান বলেন, মনপুরায় মেঘনা নদীতে অবৈধ বাঁধাজাল, মশারিজাল, বেহুন্দিজাল, খরছিজাল ও বিভিন্ন ধরনের চাঁই দিয়ে গলদা রেণু, জাটকা ও পাঙাশের রেণু ধরা হচ্ছে। গত সোমবার রামনেওয়াজ ঘাটের জেলে ও মাছের আড়তদারদের এসব রেণু শিকার না করতে সতর্ক করে দেয় প্রশাসন। তবু গতকাল বেলা ১১-১২টার দিকে রামনেওয়াজ ঘাটে কয়েক ঝুড়ি পাঙাশের রেণু শিকার করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সেই রেণু, জাল ও চাঁই জব্দ করলে একদল জেলে ইউএনও ও সহকারী মৎস্য কর্মকর্তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ইউএনও ও মৎস্য কার্যালয়ের পাঁচজন আহত হন।
মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারসহ ২০ জন প্রত্যক্ষদর্শী বলেন, যুবলীগের নেতা আবদুস সালামের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
উপজেলা যুবলীগের সহসভাপতি ও মৎস্য আড়তদার আবদুস সালাম বলেন, ‘গত দুই মাস মেঘনায় মাছ ধরা নিষেধ ছিল। অভাবে পড়া জেলেরা মে মাসে নদীতে মাছ ধরা শুরু করেন। গতকাল জেলেরা কিছু ছোট পাঙাশ ধরেন। সেই মাছ জব্দ করে ধরে নিয়ে যাচ্ছিলেন মৎস্য বিভাগ ও ইউএনও। আমরা মাছগুলো রামনেওয়াজ ঘাটের মসজিদ ও এতিমখানায় দিতে বলেছিলাম। না দেওয়ায় কথা-কাটাকাটি হয়েছে, হামলা হয়নি।’
উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্যাহ মো. সাইদুর রহমান বলেন, ‘মনপুরায় রেণু, পোনা ও জাটকা রক্ষা করতে কোস্টগার্ডের সাহায্য চেয়েও পাচ্ছি না। ফলে অভিযান সফল হচ্ছে না। প্রায়ই প্রভাবশালী জেলে ও আড়তদার আদালতের ওপর হামলা করছেন।’