ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, মহাসড়ক অবরোধ
ট্রাকচালককে মারধরের অভিযোগে বিক্ষুব্ধ পরিবহনশ্রমিকেরা গতকাল রোববার বিকেলে নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় এক নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কয়েকজন পুলিশকে দুই ঘণ্টা একটি বাড়িতে আটকে রাখেন। এ সময় নাটোর-ঢাকা মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন তাঁরা।
নাটোর সদর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইয়ানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিকেল সাড়ে চারটায় দত্তপাড়া এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে যানবাহন তল্লাশি করছিলেন। এ সময় হাইওয়ে পুলিশের এক কনস্টেবল নাটোরমুখী একটি ট্রাককে থামানোর নির্দেশ দেন। কিন্তু ট্রাকটি নির্ধারিত স্থানে না থেমে দত্তপাড়া সেতুর সামনে গিয়ে থামে। এতে ক্ষুব্ধ হয়ে ওই কনস্টেবল ট্রাকের চালক জাহাঙ্গীর হোসেনকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। তখন আশপাশের পরিবহনশ্রমিকেরা উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। পরিস্থিতি বেগতিক দেখে আদালতের সবাই দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। শ্রমিকেরা তাৎক্ষণিক ওই বাড়ি ও মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে নাটোর থেকে অতিরিক্ত পুলিশ ও র্যা ব সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকেরা তাৎক্ষণিক ওই পুলিশ কনস্টেবল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের শাস্তি দাবিতে বিক্ষোভ করতে থাকেন। সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত মহাসড়ক অবরুদ্ধ থাকায় দত্তপাড়ার উভয় পাশে শত শত পরিবহন আটকা পড়ে। যাত্রীরা আতঙ্কে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। একপর্যায়ে র্যা ব সদস্যরা ঘটনাস্থল ছেড়ে যান। পরে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ও প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে দায়ী ব্যক্তিদের বিচারের আশ্বাস দিলে শ্রমিকেরা সন্ধ্যা ছয়টার দিকে অবরোধ তুলে নেন। পরে পুলিশ পাহারায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্যদের শহরে নিয়ে আসা হয়।
আহত ট্রাকচালক জাহাঙ্গীর হোসেন জানান, ট্রাকের গতি বেশি থাকায় পুলিশের নির্দেশ পাওয়ার পরপরই তিনি কিছুটা দূরে গিয়ে ট্রাক থামিয়েছিলেন। তবুও অন্যায়ভাবে লাঠিপেটা করে তাঁর পায়ের হাড় ভেঙে ফেলা হয়েছে। তিনি শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি সাহাবুদ্দিন আহম্মেদ জানান, ভুল-বুঝাবুঝি থেকে কিছুটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাঁদের শান্ত করা হয়েছে। তবে ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।