ভ্রাম্যমাণ আদালতের নামে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে গত বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালায়। এ সময় ডিবি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ীদের সাজা দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ডিবির সঙ্গে ব্যবসায়ীদের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে ইটপাটকেলে ডিবির এক কনস্টেবল আহত হন। এ ঘটনায় তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার করা তিন ব্যবসায়ী হলেন শরীফ মোড়ল, বাবুল আকন্দ ও ভাপন দাস। তাঁদের ‘হয়রানি’ বন্ধ ও মুক্তির দাবিতে গতকাল শুক্রবার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ সভা করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, বরমী বাজারে বৃহস্পতিবার রাত নয়টার দিকে সাদাপোশাকে ডিবির চার সদস্য নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান চালান। এ সময় তাঁরা বাজারের আমীর ট্রেডার্সের পলিথিন জব্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়ার হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে বাজারের ব্যবসায়ীরা প্রশ্ন তোলেন হাকিমের উপস্থিতি ছাড়া ভ্রাম্যমাণ আদালত বসানো যায় কি? এ নিয়ে ডিবির সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিবির সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে ডিবির কনস্টেবল ইয়াসিন মিয়া আহত হন। পরে ব্যবসায়ীরা ডিবি সদস্যদের বরমী বাজার বণিক সমিতির কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। এরপর অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার এবং তিন ব্যবসায়ীকে আটক করে।

বাজার বণিক সমিতির সভাপতি অহিদুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ডিবি পরিচয়ে মাঝেমধ্যেই এলাকার লোকজনকে হয়রানি করা হয়। বৃহস্পতিবার রাতেও ডিবি পরিচয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা বলা হয়। কিন্তু কোনো হাকিম সেখানে উপস্থিত ছিলেন না। এতে ব্যবসায়ীদের সন্দেহ হয়।  একপর্যায়ে ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে।

অভিযোগ অস্বীকার করে গাজীপুর ডিবির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, তাঁর নেতৃত্বে ডিবির চার সদস্যের একটি দল বরমী বাজারের কয়েকটি দোকান থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করতে যায়। এ সময় ওই তিন ব্যবসায়ীর উসকানিতে অন্য ব্যবসায়ীরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আওয়াল বলেন, এ উপজেলায় কোনো ভ্রাম্যমাণ আদালত চালানো হলে তাঁকে জানানো হয়। কিন্তু বৃহস্পতিবারে ডিবির ওই অভিযানের বিষয়টি তাঁকে জানানো হয়নি। এটি ভ্রাম্যমাণ আদালতের কোনো অভিযান ছিল না।

শ্রীপুর থানার ওসি আসাদুর রহমান বলেন, ওই তিন ব্যবসায়ীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। তিন ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে।