ভ্রূণ নষ্ট না করায় কলেজছাত্রীকে মারধর
নাটোরের গুরুদাসপুর উপজেলায় গর্ভের ভ্রূণ নষ্ট করতে রাজি না হওয়ায় এক কলেজছাত্রীকে (২২) মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ওই ছাত্রী গতকাল সোমবার এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন।
ছাত্রীটি বলেন, স্থানীয় একটি কলেজ থেকে তিনি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন। সুমন সরদার (৩০) বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু এ বছরের শুরুর দিকে সুমন অন্য জায়গায় বিয়ে করেন। তারপরও সুমন নানা প্রতিশ্রুতি দিয়ে তাঁর (ছাত্রীর) সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সুমনকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু বিয়ে করতে সুমন টালবাহানা শুরু করেন। এখন তিনি চার মাসের অন্তঃসত্ত্বা।
গত রোববার সুমন ছাত্রীটির বাড়িতে গিয়ে তাঁকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু শর্ত দেন, এর জন্য তাঁকে (ছাত্রীকে) গর্ভের ভ্রূণ নষ্ট করতে হবে। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন সুমন। পরে সুমন তাঁকে কিল-ঘুষি-লাথিসহ নানাভাবে শারীরিক নির্যাতন করেন। এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ছাত্রীটিকে উদ্ধার করেন।
ছাত্রীটির গ্রামের ১৫ জন বলেন, সুমন স্থানীয়ভাবে প্রভাবশালী ও ধনী এক ব্যক্তির ছেলে। অন্যদিকে মেয়েটি গরিব। সুমনের পরিবারকে এ বিষয়ে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি।
অভিযুক্ত সুমনের বড় বোন বলেন, তাঁর ভাই এ ধরনের ঘটনায় সম্পৃক্ত নন। তাঁদের পরিবারের সম্মানহানি করতে গ্রামের কিছু লোকের প্ররোচনায় ছাত্রীটি মিথ্যা অভিযোগ এনেছেন। বিষয়টি তাঁরা আইনগতভাবে মোকাবিলা করবেন বলে জানান।
গুরুদাসপুর থানার ওসি মো. ইব্রাহিম হোসেন বলেন, ছাত্রীটিকে বাড়ি থেকে উদ্ধার করে তাঁর মামলা নেওয়া হয়েছে। ধর্ষণ ও অন্তঃসত্ত্বার প্রমাণ হিসেবে একটি প্রতিবেদন মামলার নথির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি গা ঢাকা দেওয়ায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি।