ভয় দেখিয়ে ছাত্রীকে ঘুমের বড়ি খাওয়াল বখাটে
কলেজছাত্রী খাদিজা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনার রেশ কাটতে না কাটতে সিলেটে এবার এক স্কুলছাত্রী উত্ত্যক্তের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
শহরের উত্তর বাগবাড়ী এলাকার বখাটে তরুণ রনি আহমদ (২৪) একই এলাকার ওই স্কুলছাত্রীকে (১৫) অ্যাসিড নিক্ষেপের হুমকি দিয়ে বেশ কয়েকটি ঘুমের বড়ি খাইয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা জানতে পেরে সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফীর নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল বিকেলে উত্তর বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে রনিকে আটক করেছে।
আটকের আগে রনির মুঠোফোনে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে ‘হু আর ইউ?’ বলে মন্তব্য করেন। সেই সঙ্গে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করা ও ঘুমের বড়ি খাওয়ানোর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘লেখউক্কা যা ইচ্ছা, আমার কিচ্ছু কওয়ার নাই।’
মেয়েটি পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়ের ছাত্রী। গত শনিবার বিকেলে সে বিদ্যালয় থেকে বাসায় ফিরে বমি করতে থাকে। রাতে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুদিনেও অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার রাতে বমির কারণ সম্পর্কে জানতে চাইলে সে পরিবারের সদস্যদের কাছে সব খুলে বলে। এরপর গতকাল সকালে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে সেখানে ভর্তি করা হয়।
হাসপাতালের একজন চিকিৎসক বলেন, মেয়েটির চোখেমুখে ঘুমকাতরতা। অতিরিক্ত বমি করায় তাকে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এমন হয়েছে, এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
গতকাল দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, মেয়েটির শয্যাপাশে তার বাবা-মা ও ভাইয়েরা আছেন। তাঁদের ভাষ্যমতে, মেয়েটিকে প্রায় এক মাস ধরে রনি উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার দিন বাসায় ফেরার পথে তার পথ আটকান রনি। এরপর একটি নির্জন স্থানে ডেকে নিয়ে রনি তাঁর হাতে একটি বোতল দেখিয়ে তাতে অ্যাসিড রয়েছে জানিয়ে তাকে (মেয়েটি) বেশ কয়েকটি ঘুমের বড়ি খাওয়ান।
স্কুলছাত্রীটির মা বলেন, শনিবার রাতে তাঁদের মেয়ে ঘুমিয়ে থাকা অবস্থায়ও বমি করে। তখন সে কিছু বলেনি। এরপর হাসপাতালে নিয়ে গেলে তখনো কিছু বলেনি। সোমবার রাতে আবার বমি করা শুরু করলে সে ঘটনা খুলে বলে।
মেয়েটিকে যে বড়ি খাওয়ানো হয়েছে সেটি ঘুমের বলেই নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিসিন বিভাগের একজন চিকিৎসক। এটি চিকিৎসকদের ব্যবস্থাপত্র ছাড়া সেবন নিষিদ্ধ।
ঘটনার বর্ণনা দিয়ে মেয়েটি এই প্রতিবেদককে বলে, ‘সে (রনি) আমাকে তুলে নিতে চাইছিল। আমি তার কথামতো ট্যাবলেট খাওয়ার পরও বাসায় যেতে পারায় সে চলে গেছে।’ মেয়েটি আরও বলে, ‘রনির হাতে একটি বোতল ও চাকু ছিল। বোতলে অ্যাসিড রয়েছে বলে সে জানায়। ঘুমের ট্যাবলেট আমার হাতে দিয়ে রনি বলে, “এটি আমার সামনে না খেলে পরদিন তোর মুখে অ্যাসিড মারব।”’
মেয়েটির বড় ভাই জানান, আল-মদিনা আবাসিক এলাকার এহসান ভিলা নামের বাসায় ভাড়া থাকেন রনি। তাঁর উত্ত্যক্ত করার বিষয়টি তাঁর পরিবারকে অনেক আগে জানালেও কোনো প্রতিকার পাননি। বোনের ক্ষতি হওয়ার আশঙ্কায় তাঁরা পুলিশকেও কিছু বলেননি। তবে এবার পুলিশকে জানাবেন।
সিলেট কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার নুরুল হুদা আশরাফী বলেন, ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। হাসপাতালে গিয়ে পুলিশের একটি দল মেয়েটি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে জানতে পারে। পরে বিকেলে বাগবাড়ি এলাকা থেকে রনিকে আটক করা হয়।