নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে হরহামেশা চুরি হচ্ছে লৌহজাতসামগ্রীসহ রেলের বিভিন্ন সম্পদ। ইতিমধ্যে প্ল্যাটফর্মের নিরাপত্তাবেষ্টনীর লোহার পাইপ, ওপরে ওঠার সিঁড়ি ও সিগন্যালের মই চুরি হয়ে গেছে। রাতে নিরাপত্তাহীনতায় ভোগেন খোদ স্টেশনমাস্টার পর্যন্ত।
গত মঙ্গলবার সকালে ঘুরে দেখা গেছে, স্টেশন প্ল্যাটফর্মের পশ্চিম দিকে রয়েছে লোহার তৈরি বেড়া বা নিরাপত্তাবেষ্টনী। যাত্রীদের নিরাপত্তার জন্য লাগানো এই বেষ্টনীর বিভিন্ন অংশ থেকে লোহার পাইপগুলো কেটে ও ভেঙে নিয়ে গেছে চোরেরা। গুনে দেখা গেল, লোহার বেষ্টনীর চুরি যাওয়া পাইপের সংখ্যা অন্তত ৫৩টি। প্ল্যাটফর্মে ওঠার ২০টি সিআর প্লেটের (পাদানি বা সিঁড়ি) অস্তিত্ব নেই। রেল কর্মচারীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, চোরেরা বিভিন্ন সময় তামার তৈরি এসব সিআর প্লেট ধারালো অস্ত্র দিয়ে কেটে নিয়ে গেছে। স্টেশনের আপলাইন থেকে ডাউনলাইন পর্যন্ত সিগন্যালের সিঁড়িগুলোও রাতের বেলা কেটে নিয়ে গেছে চোরেরা।
সিগন্যাল বিভাগের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্টেশন এলাকায় ১১টি সিগন্যাল রয়েছে। এসবের মধ্যে অধিকাংশ সিগন্যালের সিঁড়ি এরই মধ্যে চুরি হয়ে গেছে। স্টেশনের পূর্ব পাশের এক দোকানদার বলেন, বাইপাস স্টেশন এখন ভুতুড়ে এলাকায় পরিণত হয়েছে। দেখলে মনে হয়, ভাঙাচোরা, পরিত্যক্ত কোনো এলাকা।
স্থানীয় বাসিন্দারা জানান, ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করা নিয়ে ২০১৪ সালের ১ আগস্ট দুই পক্ষের মধ্যে মারামারিতে দুজন নিহত হওয়ার পর বেশ কয়েক মাস বাইপাস স্টেশনে পুলিশের টহল ছিল। কিন্তু বছর খানেক আগে পুলিশি টহল বন্ধ হয়ে যাওয়ায় আবারও টিকিট কালোবাজারিরা তৎপর হয়ে উঠেছে। এদের সঙ্গে যোগ দিয়েছে সংঘবদ্ধ চোরের দল।
স্টেশনমাস্টার গোলাম ফেরদৌস বলেন, সম্প্রতি প্ল্যাটফর্মের লোহার বেষ্টনী কেটে ৫০টি পাইপ এবং সিঁড়ির ১৬টি পিতলের সিআর প্লেট রাতের বেলা চোরেরা ধারালো অস্ত্র দিয়ে কেটে ও ভেঙে নিয়ে গেছে। ঈশ্বরদী রেল থানাকে একাধিকবার চিঠি দিয়ে পরিস্থিতি জানানো হলেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়নি। তিনি আরও বলেন, রাতে তিনি এবং এক পয়েন্টসম্যান স্টেশনে থাকেন। নিরাপত্তার অভাবে নিজেরাই কক্ষের বাইরে যেতে পারেন না। এ অবস্থায় স্টেশনে রাতে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা জোরদার করা দরকার। না হলে রেলসম্পদের চুরি ঠেকানো সম্ভব নয়।
স্টেশনমাস্টার কার্যালয় সূত্রে জানা যায়, গড়ে প্রতিদিন এই স্টেশন দিয়ে ৬৬টি ট্রেন যাতায়াত করে। অথচ গুরুত্বপূর্ণ এই রেলস্টেশন এবং যাত্রীদের নিরাপত্তার জন্য কোনো রেল পুলিশ বা নিরাপত্তা বাহিনীর আলাদা শাখা নেই। সন্ধ্যার পর থেকে দুজন রেল কর্মচারী স্টেশনে দায়িত্ব পালন করেন।
ঈশ্বরদী রেলওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আসাদুর রহমান বলেন, বাইপাস স্টেশনে পুলিশ ক্যাম্প না থাকায় বাইপাস স্টেশনটি নিরাপত্তাহীন এলাকা পরিণত হয়েছে।
ঈশ্বরদী রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাইপাস স্টেশন থেকে রেলসামগ্রী চুরি হওয়ার বিষয়ে তাঁর জানা নেই। কেউ অভিযোগও করেননি।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঈশ্বরদী চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা জানান, বাইপাস স্টেশনটি তাঁদের সীমানার মধ্যে হলেও নিরাপত্তা বাহিনীর আলাদা কোনো শাখা না থাকায় দেখভালের জন্য সার্বক্ষণিক কাউকে দায়িত্ব দেওয়া হয় না। বিশেষ প্রয়োজনে সেখানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর লোক পাঠানো হয়।