মংলায় 'যাত্রা'র চার কর্মী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মণি গ্রামে সংগীতশিল্পী আনুশেহ আনাদিলের প্রতিষ্ঠান ‘যাত্রা’র চার কর্মীকে আটক করে হয়রানি ও ভয় দেখিয়ে অর্থ আদায় করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা, পুলিশ ও কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার আনুশেহ ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে এই প্রতিবেদক গতকাল শুক্রবার সকালে জয়মণি গিয়ে ঘটনার ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্নজনের সঙ্গে কথা বলেন।
স্থানীয় লোকজন জানান, গত ডিসেম্বরে সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী জাহাজডুবির পর আনুশেহ নিজ উদ্যোগে বর্জ্যতেল ও অন্য আবর্জনা পরিষ্কারের কাজ করে আসছিলেন। তাঁর প্রতিষ্ঠান যাত্রার দুই পুরুষ ও দুই নারী কর্মী জয়মণির ঘোল এলাকায় শ্রমিকদের দিয়ে ওই কাজ করাচ্ছিলেন। পাশাপাশি গ্রামের নারীদের হস্তশিল্পের প্রশিক্ষণ দিয়ে আসছিলেন। ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মালেক ফরায়েজীর বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন।
গতকাল নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় দুজন জেলে জানান, বুধবার যাত্রার চার কর্মী বন বিভাগের লঞ্চঘাটে ঘুরতে যান। স্থানীয় কয়েক যুবক তাঁদের চলাফেরা ও পোশাক-পরিচ্ছদ নিয়ে আপত্তি তোলেন এবং পরে তা আওয়ামী লীগের নেতা ওলি সরদার ও ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রনি গাজীকে জানান। দুই নেতা চারজনকে বাজারে ডেকে পাঠান। ওই চার কর্মী সেখানে যেতে রাজি হননি। পরে নেতারা বাজারের দুই শতাধিক লোককে উসকে দিয়ে এই চারজনকে বাজারে ডেকে এনে লাঞ্ছিত করেন। ওই চারজন নিরাপত্তার জন্য চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে সহকারী বন সংরক্ষক বেলায়েত হোসেনের কাছে যান। বেলায়েত নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নজরুল ইসলামের কাছে পাঠান। নজরুল তাঁদের রাত নয়টার দিকে ফরায়েজীর বাড়িতে পৌঁছে দেন।
ফরায়েজী বলেন,¦রাত ১০টার দিকে ফাঁড়ির উপপরিদর্শকসহ চার পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে রনি বাড়িতে এসে যাত্রার কর্মীদের গালাগাল করেন এবং ভয়ভীতি দেখান। এরপর কয়েকটি টেলিভিশনের মংলা প্রতিনিধিরা উপস্থিত হয়ে তাঁদের ভয়ভীতি দেখান। তাঁদের কাছ থেকে টাকা নেন এবং এলাকা ছেড়ে চলে যেতে বলেন। রাত তিনটার দিকে ওই চারজন গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা দেন।
কয়েকবার মুঠোফোনে চেষ্টা করেও রনি গাজীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে ওলি সরদার বলেন, ‘এই চার কর্মী অসামাজিকভাবে লঞ্চঘাটে ঘোরাফেরা করছে বলে কিছু তরুণ আমাকে জানালে আমি বিষয়টি পুলিশকে জানাই। পরে বাজারের কিছু মুরব্বি তাদের পোশাক-আশাক ও চলাফেরা নিয়ে কিছু কথা বলেন। রাতে কী হয়েছে, আমি জানি না।’
নজরুল ইসলাম বলেন, ‘সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের নেতা ও জনতা যাত্রার চার কর্মীরা বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ করেছিলেন। আমরা সে বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ করি। আর রাতে সাংবাদিকেরা যখন আসেন, তখন আমরা টহল দিচ্ছিলাম। সাংবাদিকেরা রাত সাড়ে ১২টায় চলে যান। অর্থের লেনদেন হয়েছে কি না, আমি দেখিনি।’
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ওই রাত্রে যাত্রার কর্মীদের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়েছিলেন ওই সাংবাদিক ও নেতারা।