মংলায় অপহৃত ছাত্র খুলনায় উদ্ধার
বাগেরহাটের মংলা উপজেলার চাঁদপাই ইউনিয়ন থেকে গত রোববার অপহৃত মাদ্রাসাছাত্র রিয়াদ খানকে (১২) গতকাল শুক্রবার সকালে খুলনার চুকনগর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের হাতে আটক এক নারীর দেওয়া তথ্যের সূত্র ধরে পুলিশ তাকে উদ্ধার করে।
মংলা থানার উপপরিদর্শক মানজুর এলাহী জানান, মংলা থানায় অপহৃত রিয়াদের বড় ভাই মামুন খান মঙ্গলবার রাতে সাধারণ ডায়েরি করেন। পরে তারা (পুলিশ) রিয়াদকে উদ্ধারে অভিযানে নামে। রিয়াদের মায়ের মুঠোফোনের কল তালিকা ধরে অনুসন্ধান করে রিয়াদের মেঝো ভাই জুয়েলের শ্বশুরবাড়ির লোকেরা এ ঘটনায় জড়িত বলে পুলিশ নিশ্চিত হয়। এরপর তারা এক নারীকে আটক করে। তাঁর দেওয়া বক্তব্যের সূত্র ধরে তারা জানতে পারে, রিয়াদকে সাতক্ষীরায় আটকে রাখা হয়েছে। তাকে সাতক্ষীরা থেকে খুলনা নিয়ে আসা হচ্ছিল। পথে গতকাল সকাল ১০টার দিকে খুলনার চুকনগরে তল্লাশিচৌকি বসিয়ে বাস থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীরা রিয়াদকে বাসে রেখে পালিয়ে যায়।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, এ ঘটনায় মংলা থানায় অপহরণ মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত এক নারীকে পুলিশ আটক করে আদালতে পাঠিয়েছে। অন্য আসামিদেরও আটকের চেষ্টা চলছে।
গত রোববার দুপুরে মুঠোফোনে চাচার অসুস্থতার কথা বলে রিয়াদকে কৌশলে অপহরণ করা হয়। তার বাড়ি মংলা উপজেলার চাঁদপাই গ্রামে। চার বছর ধরে উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের কোরবান আলী মাদ্রাসা ও এতিমখানায় সে হাফেজি পড়ছে। এখানেই ছাত্রাবাসে সে থাকে। মঙ্গলবার সকালে তার মায়ের কাছে অপহরণকারীরা ছেলের মুক্তিপণ বাবদ পাঁচ লাখ টাকা দাবি করে।