মংলায় চীনের দুই নাগরিক আটক
বাগেরহাটের মংলা উপজেলায় কর ফাঁকি দিয়ে মুঠোফোন সেট বিক্রির অভিযোগে চীনের দুই নাগরিককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাঁদের আটক করা হয়। গতকাল বুধবার সকালে তাঁদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
মংলা থানার এসআই মানজুর এলাহী জানান, পর্যটক ভিসা নিয়ে চীনের নাগরিক হুংজিং জুয়েংজিং (৩৬) ও তাঁর সহযোগী জিং হুয়াংলু (৩৩) বাংলাদেশে আসেন ২৩ এপ্রিল। ২৩ অক্টোবর পর্যন্ত তাঁদের বাংলাদেশে অবস্থানের মেয়াদ ছিল। তাঁরা বিপুলসংখ্যক চায়না মুঠোফোন সেট নিয়ে আসেন। অবৈধভাবে ও কর ফাঁকি দিয়ে আনা এসব মুঠোফোন সেট ঢাকাসহ বিভিন্ন জায়গায় তাঁরা বিক্রি করে আসছিলেন। গত সোমবার তাঁরা মংলায় এসে স্থানীয় লোকজনের কাছে মুঠোফোন বিক্রি করা শুরু করেন। খবর পেয়ে মঙ্গলবার রাতে পৌর এলাকার চৌধুরী মোড় থেকে তাঁদের আটক করে পুলিশ। উদ্ধার করা হয় ৩৮টি মুঠোফোন সেট। আটক দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।