মংলায় ঠিকাদারের মৃত্যু নিয়ে রহস্য
বাগেরহাটের মংলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ঠিকাদার গত বৃহস্পতিবার মারা গেছেন। তবে তাঁর পরিবার এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে। অন্যদিকে পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা মনে হলেও তারা বিষয়টি আরও তদন্ত করছে।
নিহত ব্যক্তির নাম খোকা তালুকদার (৪২)। তিনি মংলা পৌর এলাকার দিগরাজ এলাকার বাসিন্দা।
মংলা থানা-পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মংলার পর্যটন হোটেল থেকে বের হয়ে খোকা ও তাঁর দুই সঙ্গী দিগরাজ এলাকার তপন ঘোষ ও নাজমুল হোসেন একটি মোটরসাইকেলে চড়ে বাড়ির উদ্দেশে রওনা হন। তপন ঘোষ মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। পথিমধ্যে মংলা ইপিজেডের সামনের রাস্তায় তাঁরা দুর্ঘটনায় পড়েন। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গেলে একটি ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা খান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন খোকা ও নাজমুলকে উদ্ধার করে খুলনায় একটি বেসরকারি ক্লিনিকে পাঠায়। সেখানে নেওয়ার পর চিকিৎসক খোকাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর তপনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তপনের পরিবারের সদস্যরা বলছেন, তিনি তাঁর বাড়ি গোপালগঞ্জে গেছেন। অপর আহত ব্যক্তি নাজমুলও তাঁর মুঠোফোন ধরছেন না।
খোকার পরিবারের সদস্যরা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় খোকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান একই এলাকার মিষ্টির দোকানদার তপন ঘোষ। বাড়ি না ফিরলে পরিবারের লোকজন রাত ১১টায় তাঁকে ফোন করেন। এ সময় বলেন, তিনি ঝামেলার মধ্যে আছেন। এরপর রাত সাড়ে ১২টায় অন্য একটি মুঠোফোন থেকে তাঁদের জানানো হয় যে খোকা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়েছে।
খোকা তালুকদারের ভাগনে হালিম তালুকদার বলেন, যে মোটরসাইকেলটির দুর্ঘটনার কথা বলা হচ্ছে সেই গাড়ির সামনের অংশে কোনো ক্ষতিই হয়নি। আর তাঁর মামার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তা ছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ঘটনার পর তপন গোপালগঞ্জে পালিয়ে গেলেন কেন?
খোকার স্ত্রী কোহিনূর বেগম বলেন, তাঁর স্বামীর সঙ্গে স্থানীয় সাবেক কমিশনার ও ঠিকাদার তৈয়ব কাজীর বিরোধ ও মামলা চলছিল। এ দুর্ঘটনার দুদিন আগে তৈয়ব মুঠোফোনে তাঁর স্বামীকে হত্যার হুমকিও দিয়েছিলেন। তাঁর স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তৈয়ব এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
এ বিষয়ে তৈয়ব কাজী মুঠোফোনে বলেন, ‘আমাদের বিরুদ্ধে খোকার পরিবারের অভিযোগ নয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমার বড় ভাইয়ের অসুস্থতার জন্য আমি ফেনী এসেছি। ফলে এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না।’
সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী মংলা থানার উপপরিদর্শক শেখ আকরামউদ্দিন বলেন, খোকার শরীরে বেশ কিছু গুরুতর আঘাত ছিল। তাঁর দুটি পা ও ডান হাত ভাঙা ছিল। কপালে একটি গভীর ক্ষতও ছিল।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মূল বিষয়টি বোঝা যাবে।