মঈনউদ্দিনের কপাল ও চোখের পাশে লালচে দাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের অভিযান চলাকালে ‘মৃত্যুবরণকারী’ মঈনউদ্দিন ভূঁইয়ার কপালে ও বাঁ চোখের পাশে লালচে দাগ পাওয়া গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদনে এক তথ্য দিয়ে বলা হয়েছে, তাঁর বাঁ চোখটিও ফোলা রয়েছে।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম গতকাল শুক্রবার মঈনউদ্দিনের লাশের সুরতহাল করেন। প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক। পরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তাঁর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর মঈনউদ্দিনের লাশ গতকাল বিকেলে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুর কারণ জানতে তাঁর পাকস্থলী মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে ও হৃদ্যন্ত্র ঢাকা মেডিকেল কলেজের হিস্টোপ্যাথলজি ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের সম্পৃক্ত সূত্র জানায়, এই দুটি প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে।
গত বৃহস্পতিবার রাতে মগবাজারের পেয়ারাবাগে র্যা বের হাতে আটক হওয়ার পর মঈনউদ্দিন (৪৩) সংজ্ঞা হারিয়ে ফেলেন এবং পরে হাসপাতালে মারা যান। গুলশানে বেসরকারি একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন তিনি। র‌্যাবের দাবি, ইয়াবা সেবনের সময় র‌্যাব মঈনউদ্দিন, তাঁর সহযোগী জাকির হোসেন ও আলমকে আটক করে। তাঁদের কাছ থেকে ৬৮টি ইয়াবা বড়ি উদ্ধার করেন র‌্যাব-৩-এর সদস্যরা। একপর্যায়ে মঈনউদ্দিন হৃদ্রোগে আক্রান্ত হন। বৃহস্পতিবার মধ্যরাতে মঈনউদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে রমনা থানায় মামলা করে র্যা ব। এই মামলায় জাকির ও আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঈনউদ্দিনের ভাই নেওয়াজউদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে জানান, তাঁর ভাই হৃদ্রোগে ভুগছিলেন। তবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে থাকলে তা র্যা বের কারণেই হয়েছে। তিনি ইয়াবা সেবন করেননি বা নেশাগ্রস্তও ছিলেন না। বৃহস্পতিবার রাতে বাসায় ফেরার পর প্রতিবেশী আলমের ডাকে তাঁদের বাসায় গিয়েছিলেন এবং সেখানেই পরিস্থিতির শিকার হন।
নেওয়াজের ভগ্নিপতি তৌহিদউদ্দিন বলেন, মঈনউদ্দিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।