মগবাজারে গুলি করে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারে দুর্বৃত্তরা গুলি করে প্রায় ৩৩ লাখ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার বেলা দেড়টার দিকে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তের গুলিতে সেলিম আকতার (২৯) নামের একজন আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার ভুক্তভোগী একুয়া মেরিন ডিস্ট্রিবিউশন নামের একটি কোম্পানির হিসাবরক্ষক পিন্টু রঞ্জন দাশ প্রথম আলোকে বলেন, তাঁদের কোম্পানির অফিস থেকে মগবাজার ব্র্যাক ব্যাংকের দূরত্ব মাত্র ২০ থেকে ৩০ গজ। তিনি ও অন্য একজন হিসাবরক্ষক সেলিম আকতার ৩৩ লাখ ২৭ হাজার টাকা দুইটি ব্যাগে করে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। ব্যাংকের কাছাকাছি আসতেই তিনি দেখতে পান, দুজন লোক এসে সেলিম আকতারের কোমর জড়িয়ে ধরে। এ সময় তিনি পেছন দিকে দৌড় দিতে গেলে হাত থেকে টাকার ব্যাগটি পড়ে যায়।

পিন্টুর ভাষ্য, তিনি টাকার ব্যাগটি তুলতে গেলে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে, তবে গুলি তাঁর গায়ে লাগেনি। পরে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে ব্যাগটি তুলে নিয়ে পালিয়ে যায়। তবে মোটরসাইকেলে কতজন ছিল তিনি তা জানাতে পারেননি। পরে তিনি দৌড়ে অফিসে গিয়ে অন্য সহকর্মীদের ঘটনাটি জানালে তাঁরা সেলিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেলিমের বাম পায়ের ঊরুর পেছনে গুলি লেগেছে।

সেলিম আকতারের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল-১ পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক।