মগবাজারে গুলি করে তিনজনকে হত্যা

রাজধানীর মগবাজারে গতকাল বৃহস্পতিবার রাতে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত তিনজন হলেন রানু আক্তার (৩০), বিল্লাল (২৮) ও মুন্না (২৫)। এ ঘটনায় রানুর ভাই হৃদয় (২২) গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রানুর স্বজনেরা অভিযোগ করেছেন, চাঁদা না পেয়ে স্থানীয় সন্ত্রাসী মো. শাহ আলম ওরফে কালা বাবু এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে আশপাশের লোকজন জানান, সরকারি জমির ওপর একটি টিনশেড বাড়ির দখল নিয়ে কালা বাবুর সঙ্গে মো. শামীম ওরফে কালাচাঁনের বিরোধেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত রানুর বড় ভাই কালাচাঁন। বিল্লাল কালাচাঁনের বাড়ির ভাড়াটে, মুন্না গতকাল রাতে মগবাজারের সোনালীবাগের ওই বাড়িতে গিয়েছিলেন।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সন্ত্রাসী কালা বাবু গুলি করে তিনজনকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
পূর্ব রাজাবাজারে সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক শাইখ নূরুল ইসলাম ফারুকীকে গত বুধবার রাতে নিজ বাসায় গলা কেটে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে সোনালীবাগে তিনজনকে হত্যার ঘটনা ঘটল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত পৌনে আটটার দিকে সোনালীবাগের চাঁন বেকারির গলিতে এই হত্যাকাণ্ড ঘটে। সরু ওই গলির শেষ মাথায় সোনালীবাগ মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স। তার পাশে একটি জায়গায় কিছুদিন আগে চারটি টিনশেড ঘর তোলা হয়েছে। ঘটনার সময় সেই ঘরগুলোর একটিতে বসে ভাত খাচ্ছিলেন ভাড়াটে বিল্লাল। সেখানে মুন্না এবং রানুর ভাই হৃদয়ও ছিলেন। এ সময় কালা বাবুসহ অন্তত পাঁচজন ওই ঘরে ঢুকে গুলি করে। এরপর সন্ত্রাসীরা বাড়ির দরজায় থাকা রানুকে ধাওয়া করে গলির মধ্যে তাঁকে গুলি করে চলে যায়। তারা গলির পাশের একটি বাড়ির সব জানালার কাচ ভাঙচুর করে। গুলিবিদ্ধ চারজনকে প্রথমে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন।
যে ঘরে গুলির ঘটনা ঘটে, সেই ঘরে গিয়ে দেখা যায়, বিছানার চাদরে ছোপ ছোপ রক্ত। মেঝেতে রক্তমাখা পায়ের ছাপ। ছোট ঘরটিতে বিছানা আর একটি শোকেস ছাড়া কিছু নেই। শোকেসের ওপর আধখাওয়া এক থালা ভাত।
ওই বাড়ির এক বাড়ি পরেই কালা বাবুর দাদার বাড়ি। কালা বাবুর চাচি ইশরাত চায়না বলেন, প্রায়ই বাড়িতে কালা বাবুর খোঁজে পুলিশ আসত। এ জন্য তাঁর বাবা-মা বাড়ি ছাড়েন। এর পর থেকেই পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ নেই।
স্থানীয় লোকজন জানান, বিরোধের মূলে থাকা ওই বাড়ি সরকারি জমি (রেলের) দখল করে করা হয়েছে। স্থানীয় মাদকাসক্ত রনি খন্দকার কয়েক বছর আগে ওই জমি দখল করেন। রনির কাছ থেকে জমিটি কিনেছেন বলে স্থানীয়দের জানিয়েছেন কালাচাঁন। খুব দ্রুত তিনি সেখানে টিনশেড বাড়ি করেন। কিন্তু সন্ত্রাসী কালা বাবুও জমিটি দখলের চেষ্টা করতে থাকেন।
নিহত বিল্লালের স্বজনেরা জানিয়েছেন, বিল্লাল মৌচাক মার্কেটে প্রসাধনীর ব্যবসা করেন। তিনি রানুর বাড়িতে ভাত খেতে যেতেন। বিল্লালের স্বজনেরা নিহত মুন্নাকে চেনেন না।
মুন্নার স্ত্রী ইতি বেগম বলেন, তিনি পানির ব্যবসা করেন। পরিবারের সঙ্গে মালিবাগে থাকেন। তিনি কেন সেখানে গেলেন, তা তাঁরা জানেন না। তাঁরা বিল্লাল, হৃদয় বা রানু কাউকেই চেনেন না।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।