রাজধানীর মগবাজারে আলোচিত তিন খুনের মামলার প্রধান আসামি শাহ আলম ওরফে কালা বাবু মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
আজ সোমবার ভোর চারটার দিকে মগবাজারের ওয়্যারলেস রেলক্রসিং এলাকার কাছে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান মুঠোফোনের খুদেবার্তায় এ দাবি করেছেন।
পুলিশের এই কর্মকর্তার দাবি, ঘটনাস্থল থেকে কালা বাবুর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে ডিবি। এ ছাড়া গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে, যার ভেতর তিনটি গুলি ছিল। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
মাসুদুর রহমানের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে ভোর চারটার দিকে ডিবির একটি দল ওয়্যারলেস রেলক্রসিং এলাকার কাছে অভিযান চালায়। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা ডিবির সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ কালা বাবু নিহত হন।
ভোরে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান অজ্ঞাতনামা হিসেবে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। লাশটি মর্গে রাখা হয়েছে।
গত ২৮ আগস্ট রাতে রাজধানীর মগবাজারের সোনালীবাগে গুলি করে তিনজনকে হত্যা করা হয়। নিহত তিনজন হলেন রানু আক্তার (৩০), বিল্লাল (২৮) ও মুন্না (২৫)। এ ঘটনায় রানুর ভাই হৃদয় (২২) গুলিবিদ্ধ হন।
নিহত রানুর বড় ভাই মো. শামীম ওরফে কালাচান। বিল্লাল কালাচানের বাড়ির ভাড়াটে, মুন্না ঘটনার দিন রাতে সোনালীবাগের ওই বাড়িতে গিয়েছিলেন।
ওই ঘটনায় ২৯ আগস্ট রাতে রমনা থানায় মামলা করেন কালাচান। স্থানীয় সন্ত্রাসী শাহ আলম ওরফে কালা বাবুকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।
নিহত রানুর স্বজনেরা অভিযোগ করেন, চাঁদা না পেয়ে স্থানীয় সন্ত্রাসী মো. শাহ আলম ওরফে কালা বাবু এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
হত্যাকাণ্ডের পর পুলিশ ও স্থানীয় লোকজনের দেওয়া তথ্যমতে, নিহত রানুর বড় ভাই কালাচান মগবাজার ওয়্যারলেস গেট রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। কালাচানকেও সবাই সন্ত্রাসী হিসেবে জানে। রেলওয়ের জমির ওপর চার কক্ষের একটি টিনশেড বাড়ির দখল নিয়ে তাঁর সঙ্গে সন্ত্রাসী কালা বাবুর বিরোধ ছিল। এ কারণে সহযোগীদের নিয়ে কালা বাবু এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
আগের সংবাদ: