মগবাজারে তিন খুনের ঘটনায় আরও পাঁচজন গ্রেপ্তার
রাজধানীর মগবাজারে তিন খুনের ঘটনায় মামলার প্রধান আসামি ‘ক্রসফায়ারে’ নিহত শাহ আলম ওরফে কাইল্যা বাবুর ঘনিষ্ঠ সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার রাজধানী ও রাজধানীর বাইরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানান র্যাব-৩-এর কর্মকর্তারা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: রাজু, অপু, সোহেল খান, বিল্লাল ও কালা বাবুর ঘনিষ্ঠ সহযোগী কামাল ওরফে জাউরা কামাল। এঁদের মধ্যে রাজু, অপু, সোহেল ও বিল্লাল মামলার এজাহারভুক্ত আসামি।
গত ২৮ আগস্ট রাতে মগবাজার সোনালীবাগে চান বেকারি গলিতে একটি বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে রানু আক্তার, বাড়ির ভাড়াটে বিল্লাল ও মুন্না নিহত হন। আহত হন রানুর ভাই হৃদয়। অভিযোগ ওঠে, রেলওয়ে জমির ওপর তৈরি বাড়ি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী কাইল্যা বাবু ও তাঁর সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় রানুর ভাই শামীম ওরফে কালাচান বাদী হয়ে কাইল্যা বাবুসহ ১৫ জনের নাম উল্লেখ করে রমনা থানায় একটি মামলা করেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত শুরু করে।
শুরুতেই ডিবি সোহেল, আরিফ ও জাকির হোসেন নামের তিনজনকে আটক করে রিমান্ডে নেয়। ১৫ সেপ্টেম্বর মগবাজারে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কালা বাবু নিহত হন। ১৯ সেপ্টেম্বর বিভিন্ন সময়ে রাজধানী ও রাজধানীর বাইরে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অভিযোগে মারুফ হোসেন, আল আমিন, রুবেল মিয়া, শাফিন লস্কর, সাইফুল্লাহ সিয়াম ও রমজান আলীকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানায়। গতকাল শনিবার র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া পাঁচজনসহ বর্তমানে এ মামলায় গ্রেপ্তার আছেন ১৪ জন। ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন একজন।
শনিবারের গ্রেপ্তার প্রসঙ্গে র্যাব-৩-এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল করিম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার রাজু মামলার তিন নম্বর ও অপু আট নম্বর আসামি। তাঁদের মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর মগবাজার এলাকা থেকে মামলার ১০ নম্বর আসামি সোহেল খান, ১৩ নম্বর আসামি বিল্লাল ও কালা বাবুর ঘনিষ্ঠ সহযোগী কামালকে গ্রেপ্তার করা হয়।