মগবাজারে তিন খুনের ঘটনায় গ্রেপ্তার ৬
রাজধানীর মগবাজারে আলোচিত তিন খুনের ঘটনায় ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধারের দাবি করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মারুফ হোসেন (২৬), আল আমিন (২৫), রুবেল মিয়া (২৫), শাফিন লস্কর (২৫), সাইফুল্লাহ সিয়াম (২৪) ও রমজান আলী (২০)।
আজ শনিবার দুপুরে র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, র্যাব-৩-এর সদস্যরা অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করেছেন।
মুফতি মাহমুদ খানের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার মুন্সিগঞ্জ থেকে আল আমিনকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মতিঝিল টিএনটি কলোনির একটি বস্তিঘর থেকে সিয়াম ও রমজানকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুটি পিস্তল ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। তাঁদের দেওয়া তথ্যে রাত পৌনে একটার দিকে একই বস্তির আরেকটি ঘর থেকে রুবেল, মারুফ ও শাফিনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
মগবাজারে তিন খুনের ঘটনায় ছয়জনকেই গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে র্যাব। এঁদের মধ্যে রমজান এজাহারভুক্ত আসামি। র্যাবের দাবি, বাকি পাঁচজনও এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা তিন খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের উদ্দেশ্যে তাঁরা একটি অস্ত্র কেনেন। ওই অস্ত্র দিয়ে তাঁরা আরও পাঁচজনকে হত্যার পরিকল্পনা করেছিলেন।
গত ২৮ আগস্ট রাতে রাজধানীর মগবাজারের সোনালীবাগে গুলি করে তিনজনকে হত্যা করা হয়। নিহত তিনজন হলেন: রানু আক্তার (৩০), বিল্লাল (২৮) ও মুন্না (২৫)। এ ঘটনায় রানুর ভাই হৃদয় (২২) গুলিবিদ্ধ হন।
নিহত রানুর বড় ভাই মো. শামীম ওরফে কালাচান। বিল্লাল কালাচানের বাড়ির ভাড়াটে, মুন্না ঘটনার দিন রাতে সোনালীবাগের ওই বাড়িতে গিয়েছিলেন।
ওই ঘটনায় ২৯ আগস্ট রাতে রমনা থানায় মামলা করেন কালাচান। স্থানীয় সন্ত্রাসী শাহ আলম ওরফে কালা বাবুকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।
১৫ সেপ্টেম্বর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন কালা বাবু। মগবাজারের ওয়্যারলেস রেলক্রসিং এলাকার কাছে এ ঘটনা ঘটে।
নিহত রানুর স্বজনদের অভিযোগ, চাঁদা না পেয়ে স্থানীয় সন্ত্রাসী কালা বাবু এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
হত্যাকাণ্ডের পর পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, নিহত রানুর বড় ভাই কালাচান মগবাজার ওয়্যারলেস গেট রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। কালাচানকেও সবাই সন্ত্রাসী হিসেবে জানে। রেলওয়ের জমির ওপর চার কক্ষের একটি টিনশেড বাড়ির দখল নিয়ে তাঁর সঙ্গে সন্ত্রাসী কালা বাবুর বিরোধ ছিল। এ কারণেই সহযোগীদের নিয়ে কালা বাবু এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।