মগবাজারে তিনজনকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ঘরটিতে গুলি করা হয়। ছবি: গোলাম মর্তুজা
এই ঘরটিতে গুলি করা হয়। ছবি: গোলাম মর্তুজা

রাজধানীর মগবাজারে সন্ত্রাসীর গুলিতে ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন মুন্না (১৮), বিল্লাল (২২) ও রানু আক্তার (২৩)। এ ঘটনায় হূদয় (২২) নামের একজন আহত হয়েছেন। মুন্না ও রানু আক্তার ভাইবোন।

আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে মগবাজারের সোনালীবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে গতকাল বুধবার রাতে সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক শাইখ নুরুল ইসলাম ফারুকীকে হত্যার পর রাজধানীতে আজ তিনজনকে গুলি করে হত্যা করা হলো।

নিহত বিল্লালের মা মনোয়ার বেগম ও তাঁর স্ত্রী ইতি। ছবি: গোলাম মর্তুজা
নিহত বিল্লালের মা মনোয়ার বেগম ও তাঁর স্ত্রী ইতি। ছবি: গোলাম মর্তুজা

পুলিশ ও নিহত লোকজনের পরিবার সূত্রে জানা গেছে, মুন্না ও রানু কিছু দিন আগে মগবাজারের সোনালীবাগে একটি ফ্ল্যাট কিনেছেন। এরপর থেকে এলাকায় সন্ত্রাসী কাইল্যা বাবু এ জন্য তাঁদের কাছে চাঁদা দাবি করে। কিন্তু মুন্না ও রানু তাকে চাঁদা দিতে অস্বীকার করেন। আজ কাইল্যা বাবু মগবাজারের সোনালীবাগের মুন্না ও রানুদের বাসায় গিয়ে চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। তার গুলিতে মুন্না, বিল্লাল ও রানু আক্তার মারা যান। এ সময় হূদয়ও গুলিবিদ্ধ হন। আহত হূদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী কাইল্যা বাবু চাঁদাবাজি করতে গিয়ে গুলি করে তিনজনকে হত্যা করেছে।