মগবাজারের সেই বাসের মালিক গ্রেপ্তার

রাজধানী ঢাকার মগবাজারে গত শুক্রবার বাসের চাপায় সাইফুল ইসলাম ওরফে রানা নামের এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় গোল্ডেন লাইন বাসের মালিককে আটক করেছে র্যাব। তাঁর নাম জুনায়েদ হোসেন লস্কর (৪৬)।
র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা থেকে জুনায়েদ হোসেন লস্করকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় চালক, হেলপার ও দুই ম্যানেজার ও মালিকসহ ৫জন আসামি ছিলেন। চারজনকে আগে পুলিশ আটক করলেও মালিককে আটক করা যায়নি। আমরা অভিযান চালিয়ে মালিককে আটক করেছি। তাঁকে রমনা থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সাতক্ষীরা-ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস মগবাজার ওয়ারলেস এলাকায় মোটরসাইকেল আরোহী সাইফুলকে চাপা দেয়। এতে তিনি ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিক্ষুব্ধ জনতা বাসটি আটকে এতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যেরা ঘটনাস্থলে যায় ও আগুন নেভায়।
নিহত সাইফুল মগবাজার কমিউনিটি হাসপাতালে চাকরি করতেন। তাঁর বয়স আনুমানিক ২৩ বছর।