মজুত বিস্ফোরকে আড়াই লাখ ককটেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ব্যবসায়ী সাইদুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া ১ হাজার ২০০ কেজি বিস্ফোরক দিয়ে প্রায় আড়াই লাখ ককটেল তৈরি সম্ভব বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অবশ্য কী উদ্দেশ্যে তিনি এই বিস্ফোরক মজুত করেছিলেন, তা জানাতে পারেনি ডিবি।
ওই বিপুল পরিমাণ বিস্ফোরকের অবৈধ কেনাবেচা ও মজুতের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাইদুলসহ চারজনকে গ্রেপ্তারের পর গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিবি।
সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গত রোববার ডিবির একটি দল ক্রেতা সেজে ফাঁদ পেতে দুই কেজি বিস্ফোরকসহ রাজধানীর লালবাগ ও চকবাজার থেকে আউয়াল ও শরীফকে গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাইদুলকে।
সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার বলেন, সাইদুলের ছয়তলা বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাটে তিনি নিজে বাস করেন। সেই ফ্ল্যাটের একটি ঘরে খাটের নিচে বিস্ফোরকগুলো মজুত ছিল।
কর্মকর্তারা জানান, তাঁদের কাছে সাইদুল দাবি করেছেন, তিনি সাত বছর ধরে বিস্ফোরকগুলো মজুত করে রেখে ক্রেতা খুঁজছিলেন। আর সংবাদকর্মীদের কাছে সাইদুল দাবি করেন, তিনি একটি ব্যাংক থেকে নিলামে ওই বিস্ফোরকগুলো কিনে বাসায় বিক্রির জন্য রেখেছিলেন।
এ বিষয়ে যুগ্ম কমিশনার বলেন, সাইদুলের বক্তব্য বিশ্বাসযোগ্য নয়। ওই বিস্ফোরকগুলো এতই ঝাঁজালো, যেকোনো বাড়িতে সেগুলো রাখা হলে সেখানে বাস করা সম্ভব নয়।
গতকাল সংবাদ সম্মেলনে বিস্ফোরকগুলো প্রদর্শন করা হয়। এ সময় এর ঝাঁজে পুলিশ কর্মকর্তা ও সংবাদকর্মীদের চোখ-মুখও জ্বালাপোড়া শুরু করে। এগুলো নাড়াচাড়া করার সময় পুলিশ সদস্যদের হাতও জ্বালাপোড়া করছিল বলে তাঁরা জানান।
যুগ্ম কমিশনার মনিরুল বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে গন্ধক (সালফার), লিথিয়াম ও হেক্সা ফ্লুরাইডের মিশ্রণে ওই বিস্ফোরক উপাদান তৈরি হয়েছে। এর সঙ্গে আরও কিছু রাসায়নিক মিশিয়ে প্রক্রিয়াজাত করলে এটি উচ্চমাত্রার বিস্ফোরকে পরিণত হয়। বোমা, ককটেল বা আতশবাজি—যেকোনো কিছুতেই তখন এটি ব্যবহার করা সম্ভব। হিসাব কষে মনিরুল দাবি করেন, এ ধরনের দুই কেজি বিস্ফোরক দিয়ে প্রায় ২০০ ককটেল তৈরি করা সম্ভব। সেই হিসাবে ১ হাজার ২০০ কেজি দিয়ে ২ লাখ ৪০ হাজার ককটেল তৈরি করা যায় বলে দাবি পুলিশ কর্মকর্তাদের।
ওই বিস্ফোরক কোথা থেকে কী উদ্দেশ্যে সাইদুল সংগ্রহ করেছিলেন, জানতে চাইলে মনিরুল বলেন, এর উৎস এখনো জানা যায়নি। সাইদুল কোনো জঙ্গি সংগঠন বা রাজনীতির সঙ্গে জড়িত কি না, তা-ও পরিষ্কার নয়। তাঁকে ভালোভাবে জিজ্ঞাসাবাদের সুযোগ মেলেনি বলে অনেক অস্পষ্টতা রয়ে গেছে।
চট্টগ্রাম থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, রোববার রাতে অভিযানের পরে গতকাল চট্টগ্রামের সদরঘাট এলাকায় সাইদুলের বাসায় দুই দফা গিয়েও তাঁর কোনো স্বজনকে পাওয়া যায়নি। সাইদুলের প্রতিবেশীরা জানিয়েছেন, তাঁকে কেউ কখনো কোনো রাজনৈতিক দলের কার্যক্রমে সম্পৃক্ত হতে দেখেনি বা শোনেনি। তিনি পুরোনো লোহার (স্ক্র্যাপ) ব্যবসা করতেন।
বাসার পঞ্চম তলার এক ভাড়াটে জানান, সাইদুল ব্যবসা করতেন বলে তাঁরা জানেন। তবে কী ব্যবসা করতেন, তা জানেন না।
অন্য ভাড়াটে ও প্রতিবেশীরা জানান, পুলিশের অভিযানের পর সাইদুলের পরিবার বাসা ছেড়ে চলে গেছে।