মঞ্চে স্বাস্থ্যমন্ত্রী, পেছনে চারটি ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মাঠে গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এ সময় মঞ্চের পেছনে চারটি ককটেল বিস্ফোরিত হয়।
বেলা সোয়া দুইটার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সন্ধানী’ আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী ও সন্ধানীর সদস্যরা জানান, বেলা দুইটার দিকে প্রধান অতিথি মোহাম্মদ নাসিম এবং বিশেষ অতিথি দীপু মনি, ঢাকা-৭ আসনের সাংসদ হাজি মো. সেলিম ও সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত মঞ্চে আসন নেন। সোয়া দুইটার দিকে অতিথিদের ফুল দেওয়ার সময় মঞ্চের পেছনে পরপর চারটি ককটেল বিস্ফোরিত হয়। আতঙ্কে ছোটাছুটি শুরু হলে মাইকে সবাইকে শান্ত থাকতে বলা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিজেকে প্রত্যক্ষদর্শী দাবি করে সাইফুল ইসলাম নামের একজন বলেন, ‘শব্দ পেয়ে মঞ্চ থেকে বেরিয়ে দেখি প্যান্ডেলের পেছনের দেয়ালে ককটেল বিস্ফোরিত হয়েছে।’
অবশ্য ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান সাংবাদিকদের কাছে দাবি করেন, কলেজ এলাকার বাইরে থেকে শব্দ এসেছে। কলেজ এলাকার মধ্যে কিছু বিস্ফোরিত হয়নি। পরে সাংবাদিকেরা মঞ্চের পেছনের দেয়ালে ককটেল বিস্ফোরণের চিহ্ন দেখালে ওসি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
খবর পেয়ে বেলা আড়াইটার দিকে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মফিজ উদ্দিন আহমেদ ঘটনাস্থলে যান। পরে আশপাশের ছাদগুলোতে তল্লাশি চালায় পুলিশ।
পরে আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভেবেছিলাম পটকা মেরে আমাদের স্বাগত জানিয়েছেন হাজি সেলিম। কিন্তু পরে দেখি তা নয়। পটকা মেরেছে কাপুরুষের দল। আর সবচেয়ে বড় কাপুরুষ হলেন খালেদা জিয়া।’ তিনি বলেন, ‘পেছন থেকে পটকা মেরে আমাদের ভয় দেখানো যাবে না। আমরা ভয় পেয়ে পালিয়ে যাওয়ার লোক নই। সাহস থাকলে আপনারা সামনে আসেন।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘খালেদা জিয়ার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। কারণ তাঁরা ধ্বংসাত্মক কর্মসূচি দেন, কিন্তু তাঁর কর্মীরা মাঠে থাকে না।’
সন্ধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি সঞ্জয় কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে দীপু মনি, হাজি মো. সেলিম, হাবিবে মিল্লাত প্রমুখ বক্তব্য দেন।
রাত সাতটার দিকে মুঠোফোনে হাজি মো. সেলিম প্রথম আলোকে বলেন, ‘পটকার শব্দ হয়েছে বাবুবাজার এলাকায়, মঞ্চের পাশে নয়। আর এতে আলোচনা সভায় কোনো প্রভাব পড়েনি।’