
পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠপ্রধান যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে গলা কেটে হত্যার ঘটনায় আরও তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া তিনজনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। তঁদের একজন ধর্মগুরুকে হত্যার মূল ব্যক্তি।
গতকাল শুক্রবার দুপুরে দেবীগঞ্জ থানা চত্বরে সংবাদ সম্মেলন করে পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. হুমায়ুন কবির এসব তথ্য জানালেও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম বা পরিচয় প্রকাশ করেননি।
তবে স্থানীয় বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে দুজনের নাম-পরিচয় সম্পর্কে প্রথম আলো নিশ্চিত হয়েছে। তাঁরা হলেন রমজান আলী (২০) ও হারিজ আলী (৩২)। রমজান আলী দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। তিনি নীলফামারীর ডোমার কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্র। আর হারিজ আলী একই উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের কালীর মন্দির সোটাপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি রিকশা-ভ্যান চালান। অবশ্য তাঁকে ওই হত্যার পর র্যা ব আটক করে আবার ছেড়েও দিয়েছিল।
এ ছাড়া অপর ব্যক্তির নাম জানা না গেলেও পুলিশের একটি সূত্র বলছে, তিনি নীলফামারীর একটি মাদ্রাসার ছাত্র। তিনিই যজ্ঞেশ্বর হত্যার মূল ব্যক্তি।
২১ ফেব্রুয়ারি সকাল সাতটায় দেবীগঞ্জে শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে (৫০) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে মঠের একজন সাধু আহত হন। ওই দিন এ ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে বলে জানিয়েছিল ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারিতে যুক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
অবশ্য ডিআইজি হুমায়ুন কবির গতকাল বলেছেন, আইএস জঙ্গি নয়, জেএমবির সদস্যরা এ ঘটনায় জড়িত। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি বলেন, এর আগে রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা এবং দিনাজপুরে খ্রিষ্টান পাদরি ও হোমিও চিকিৎসককে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্রের সঙ্গে পঞ্চগড়ে উদ্ধার করা অস্ত্রের মিল রয়েছে।
অবশ্য কুনিও হোশি হত্যাসহ উত্তরাঞ্চল এবং ঢাকায় সংঘটিত বিভিন্ন ঘটনায়ও আইএসের নামে দায় স্বীকারের খবর তখন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছিল। পরে পুলিশ গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানায়, দেশীয় জঙ্গি সংগঠন জেএমবি এসব নাশকতায় জড়িত থাকার প্রমাণ পেয়েছে তারা।
ডিআইজি গতকাল আরও বলেন, দেবীগঞ্জে হিন্দু মঠপ্রধানকে হত্যার পাঁচ দিনের মাথায় ‘ঘটনার রহস্য উদ্ঘাটনে’ পুলিশ সফল হয়েছে। এ ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আটজন জড়িত। এঁদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ঘটনার পরপরই তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সরাসরি জড়িত তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ডিআইজি বলেন, বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হওয়া একজনের বাড়ি থেকে হামলায় ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, পাঁচটি পিস্তলের গুলি, তিনটি ছুরি ও তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনার দিন সাইকেল নিয়ে একজন নজরদারিতে ছিলেন। সেই সাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে হামলাকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা যায়নি।
সংবাদ সম্মেলনে পঞ্চগড় জেলা পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কফিলউদ্দিন উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার তিনজনের একজন কলেজছাত্র রমজান আলীর বড় ভাই মিজানুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, নীলফামারীর ডিমলার ছাতনাই কলোনিপাড়ায় তাঁদের এক আত্মীয়ের বাসা থেকে গত বুধবার রাতে তাঁর ভাইকে পুলিশ আটক করে। তিনি বলেন, ‘রমজান আগে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল, আমরা নিষেধ করতাম। সে ডোমারে থাকত, বাড়িতে কম আসত। জেএমবি করত কি না, জানি না।’
পুলিশের একটি সূত্র জানায়, রমজানের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দেবীগঞ্জের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ভ্যানচালক হারিজ আলীকে। তাঁর বাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে উদ্ধার করা হয় অস্ত্র।
হারিজ আলীর স্ত্রী মমিরন গতকাল প্রথম আলোকে বলেন, রাত একটার দিকে পুলিশ তাঁর স্বামীকে ডেকে তুলে গ্রেপ্তার করে। এরপর গোয়ালঘরের চাবি নেয়। তাঁকে (মমিরন) ঘর থেকে বের হতে দেয়নি। তিনি বলেন, তাঁর স্বামী এমন ঘটনায় জড়িত কি না, তিনি জানেন না।
পাশের বাড়ির কবেদ আলী প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁকে ঘুম থেকে ডেকে তুলে একটি বালতি চান। বালতির পানিতে তিনটি ককটেল ডুবিয়ে রাখেন। তখন পিস্তল ও ছুরি দেখতে পান তিনি।
সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ও স্থানীয় কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা মশিউর রহমান বলেন, হারেজ আলীর বাড়ির গোয়ালঘরের কোনা থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়। এ সময় তিনি উপস্থিত ছিলেন।
স্থানীয় লোকজন জানান, হারিজ আলী আহলে হাদিস মতাবলম্বী। তিনি অন্যদের সঙ্গে খুব একটা কথা বলতেন না। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করতেন।
অবশ্য যজ্ঞেশ্বর রায়কে হত্যার দিন রাতেই হারিজ আলীকে র্যা ব আটক করেছিল। নীলফামারী র্যা ব-১৩-এর এএসপি আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য হারেজ আলীকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে পরদিন তাঁকে ছেড়ে দেওয়া হয়।
যজ্ঞেশ্বর হত্যার ঘটনায় এর আগে খলিলুর রহমান, বাবুল হোসেন ও জাহাঙ্গীর হোসেন নামে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ বলছে, খলিল ও বাবুল জেএমবির সদস্য এবং জাহাঙ্গীর শিবিরের সদস্য।