মঠবাড়িয়ায় অপহৃত শিশু ঢাকায় উদ্ধার, একজন গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা বাজার থেকে অপহরণের তিন দিন পর রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশু আবু বকর সিদ্দিককে (৬) উদ্ধার করা হয়েছে। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহমুদুল হাসান (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাহমুদুল হাসান শিশু আবু বকর সিদ্দিক অপহরণ মামলার প্রধান আসামি। মামলার তদন্ত কর্মকর্তা ও মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মিজানুল হক জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ গতকাল মাহমুদুলের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। এরপর রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ শিশুটির স্বজনদের নিয়ে অভিযান চালায়। টের পেয়ে দুপুরে মাহমুদুল শিশুটিকে নিউমার্কেট থানার পুলিশ বক্সের কাছে রেখে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গত সোমবার সকালে সাপলেজা বাজার থেকে আবু বকর সিদ্দিককে অপহরণ করে প্রতিবেশী মাহমুদুল। শিশুটির নানি জাকিয়া বেগম বাদী হয়ে মাহমুদুল ও তাঁর বাবা-মাকে আসামি করে থানায় অপহরণ মামলা করেন। পুলিশ মাহমুদুলের বাবা ও মাকে গ্রেপ্তার করে।