মঠবাড়িয়ায় একজনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামে গতকাল শুক্রবার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আবদুল মালেক (৬০) নামের এক ব্যক্তিকে জখম করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দক্ষিণ বড়মাছুয়া গ্রামের আবদুল মালেকের সঙ্গে তাঁর ছোট ভাই আবদুল বারেকের জমি নিয়ে বিরোধ রয়েছে। কয়েক মাস আগে দুজনের মধ্যে মারামারি হয়। তখন বারেক আহত হন। এ ঘটনার জের ধরে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বারেকের দুই ছেলে মো. হাসান ও মো. হোসেন রাম দা দিয়ে মালেককে বাড়ির সামনে কুপিয়ে জখম করেন। এতে মালেকের ডান পায়ের রগ কেটে যায়। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বিকেলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আফজাল কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ফেরদৌস ইসলাম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মালেকের শরীরে ও পায়ে ১৩টি জখম হয়েছে। ডান পায়ের রগ কেটে গেছে।
মুঠোফোন বন্ধ থাকায় হাসান ও হোসেনের সঙ্গে কথা বলা যায়নি।