মঠবাড়িয়ায় ট্রাকে আগুন, নাজিরপুরে বাস ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মঙ্গলবার রাতে একটি ট্রাকে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ছবিটি টিকিকাটা গ্রামের গাজীবাড়ি নামক এলাকা থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল, মঠবাড়িয়া
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মঙ্গলবার রাতে একটি ট্রাকে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ছবিটি টিকিকাটা গ্রামের গাজীবাড়ি নামক এলাকা থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল, মঠবাড়িয়া

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গতকাল মঙ্গলবার গভীর রাতে একটি ট্রাকে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মো. লিটন নামের (২৫) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া নাজিরপুর উপজেলার মাটিভাংগা এলাকায় গতকাল সন্ধ্যায় একটি বাস ভাঙচুর করা হয়েছে।
ট্রাকচালক আসাদুল্লাহ জানান, তিনি গতকাল রাতে সাতক্ষীরা থেকে ট্রাকে মাছ নিয়ে বরগুনার পাথরঘাটায় যাচ্ছিলেন। রাত পৌনে চারটার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে পূর্ব সেনের টিকিকাটা গ্রামের গাজীবাড়ি এলাকায় ১০-১২ জনের একটি দল ট্রাক ভাঙচুর করে পেট্রলবোমা ছোড়ে ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
দোলা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক এস এম নাদিমুজ্জামান জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে নাজিরপুর উপজেলার মাটিভাংগা কলেজ মোড় এলাকায় দোলা পরিবহনের একটি বাসে ভাঙচুর চালায় অবরোধ সমর্থকরা। বাসটি ঢাকা থেকে নাজিরপুর যাচ্ছিল।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক জানান, ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় চালক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে কারও নাম উল্লেখ না করে ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।