মঠবাড়িয়ায় বাস ভাঙচুর মামলায় দুজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় জামাল মোল্লা ও মো. আসলামকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত শনিবার দিবাগত রাতে দুটি বাসে এই ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

জামাল মোল্লা (৩২) উপজেলার ধানীসাফা গ্রামের কৃষক ও আলগী গ্রামের বাসিন্দা আসলাম (২৫) ভাড়ায় মোটরসাইকেল চালান।

জামাল মোল্লা ও আসলাম জানান, তাঁরা কোনো দলের রাজনীতির সঙ্গে জড়িত নন। রাস্তা থেকে পুলিশ তাঁদের ধরে নিয়ে বাস ভাঙচুর মামলার আসামি করে আদালতে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, উপজেলার দেবীপুর মাদ্রাসার সামনের সড়কে শনিবার রাতে বনফুল ও হামিম পরিবহনের দুটি বাসে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রোববার রাতে বনফুল পরিবহনের কর্মচারী লিটন বেপারী বাদী হয়ে থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলায় উপজেলার ধানীসাফা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তোফাজ্জেল বেপারীকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় রোববার রাতেই তাঁদের সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জামালের মা সুমিরা বেগম বলেন, ‘আমার পোলা দিনে কোলায় ধান কাটছে। সন্ধ্যায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে পুলিশ ওরে ধইরা নিয়া যায়। জামাল তো কোনো দল করে না। ও বাস ভাঙবে ক্যান?’

মঠবাড়িয়া উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, ‘বাসে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বিএনপির কেউ জড়িত নন।  তবে গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি আমাদের কর্মী না।’

ধানীসাফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ফারুক বলেন, ‘জামাল কোনো দল করেন না। আসলামকে আমি চিনি না।’

মামলার তদন্ত কর্মকর্তা ও মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, তাঁদের সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।