মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাকিবুল হক (৩৪) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার বেতমোড় বাজার সংলগ্ন বেতমোড় রাজপাড়া ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

রাকিবুল মঠবাড়িয়া পৌর শহরের দুই নম্বর ওয়ার্ডের বিয়ে রেজিস্ট্রার আবদুল হালিমের ছেলে।

নিহত রাকিবুল পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মঠবাড়িয়া সরকারি কলেজছাত্র সংসদের সাবেক ভিপি (সহসভাপতি) ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছুক্ষণ আগে থেকে ওই বিদ্যালয়ের সামনের একটি কালভার্টের ওপর বসে রাকিবুল কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় চার-পাঁচজন অজ্ঞাত ব্যক্তি ধারালো রাম দা ও কুড়াল নিয়ে রাকিবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় ভয়ে রাকিবের সঙ্গে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। রাকিবের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) তৈমুর ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনাস্থলে দুর্বৃত্তদের হামলায় রাকিবুলের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।