মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা খুন
পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক সহসভাপতি (ভিপি) ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হক (৩৪) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার বেতমোর বাজার এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। রাকিব পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিকাহ নিবন্ধক আবদুল হালিমের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, উপজেলার চরকখালী গ্রামের বাড়ি থেকে রাকিব সন্ধ্যা ছয়টার দিকে বেতমোর বাজারে আসেন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে বাজারসংলগ্ন বেতমোর রাজপাড়া ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনের একটি কালভার্টের ওপর বসে রাকিব কয়েকজন ব্যক্তির সঙ্গে গল্প করছিলেন। এ সময় তিন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাকিবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং দুই চোখ উপড়ে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। রাত নয়টায় এ প্রতিবেদন লেখার সময় লাশের সুরতহাল করা হচ্ছিল।
রাকিবের চাচাতো ভাইয়ের ছেলে মো. খোকন বলেন, মাগরিবের নামাজের আগে ঘোপখালী গ্রামের ইউসুফ আকন, তাঁর ছেলে কামরুল আকনকে বেতমোর বাজারে ঘোরাফেরা করতে দেখা গেছে। নামাজ শুরু হলে বাজারে লোকজন নামাজ পড়তে যান। এ সময় এ হত্যাকাণ্ড ঘটানো হয়। নামাজ শেষে মুসল্লিরা ঘটনাস্থলে গিয়ে রাকিবকে মৃত অবস্থায় দেখতে পান।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) তৈয়ুম ইসলাম বলেন, খুনের ধরন দেখে মনে হচ্ছে ব্যক্তিগত ক্ষোভ থেকে খুনিরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।