মঠবাড়িয়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঘোষের টিকিকাটা গ্রামের স্কুলছাত্র ফয়সাল আহমেদ (৭) হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার ওই ব্যক্তিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা ইউপি সদস্যের নাম জালাল খান। তিনি উপজেলার টিকিকাটা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। গতকাল সোমবার সকালে তাঁকে মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক এ কে এম কামাল উদ্দিন সাত দিনেরই রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ ডিসেম্বর দুপুরে ঘোষের টিকিকাটা গ্রামের কাতারপ্রবাসী বাদল জমাদ্দারের ছেলে ও স্থানীয় তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র ফয়সাল নিখোঁজ হয়। ৯ ডিসেম্বর সকালে বাড়ির বাগানে ফয়সালের গলিত লাশ দেখতে পান কয়েকজন প্রতিবেশী। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির মা আসমা বেগম বাদী হয়ে কারও নাম উল্লেখ না করে থানায় মামলা করেন। ওই মামলায় রোববার জালালকে গ্রেপ্তার করা হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, সন্দেহভাজন হিসেবে জালালকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় সোয়েব নামের এক ব্যক্তি বর্তমানে কারাগারে রয়েছেন।