মঠবাড়িয়ায় কলেজ ও ফেঞ্চুগঞ্জে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেতাছিড়া গ্রামের একটি খেত থেকে গতকাল মঙ্গলবার সকালে শিরিন আক্তার (১৭) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে গত সোমবার গভীর রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর আশিঘরে ভাবির বাড়ি থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী তাহমিনা বেগমের (৮) লাশ উদ্ধার করা হয়েছে।
মঠবাড়িয়ায় নিহত শিরিন আক্তার উপজেলার উত্তর খেতাছিড়া গ্রামের জেলে সফিজ উদ্দিনের মেয়ে। সে স্থানীয় শাহাদাৎ হোসেন মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী ছিল। এ ঘটনায় পুলিশ খেতাছিড়া গ্রামের সৈয়দ কাজী নামের এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ ও নিহত শিরিন আক্তারের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার শিরিন আক্তার ও তার বড় বোন কাজল বেগম দক্ষিণ খেতাছিড়া গ্রামে তাদের বড় ভাইয়ের শ্বশুর বাড়ি বেড়াতে যায়। কাজল বেগম বলেন, ‘শিরিন প্রাইভেট পড়িয়ে পড়াশোনার খরচ চালাত। গতকাল ভোরে প্রাইভেট পড়ানোর জন্য সে একটু আগে বের হয়। আধা ঘণ্টা পর একই পথ দিয়ে বাড়ি ফেরার পথে ওর (শিরিন) লাশ দেখতে পাই। এ সময় সৈয়দ কাজীকে আমি ধানের খেত দিয়ে দৌড়ে যেতে দেখি।’
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। দুপুরে পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তফা কামাল বলেন, শিরিনের লাশ যেখানে পাওয়া যায়, তার কাছাকাছি সৈয়দ কাজীর গরু পাওয়া গেছে। সৈয়দ কাজীকে নিহত শিরিন আক্তারের বোন মাঠের মধ্য দিয়ে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন। সন্দেহ করা হচ্ছে, শিরিনকে আঘাতের পর শারীরিকভাবে দুর্বল করে ধর্ষণ করা হয়। এরপর তার মুখমণ্ডল ও মাথায় আঘাত করে হত্যা করা হয়।
ফেঞ্চুগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার: ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিনা বেগমের লাশ তার ভাবির বাবার বাড়ির বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ। লাশটি বাথরুমে বস্তাবন্দী অবস্থায় ছিল।
পুলিশ জানায়, বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে তাহমিনার ভাবি রুবিনা বেগমকে (২২) আটক করা হয়েছে। গতকাল সকালে তাহমিনার মা জামিলা বেগম বাদী হয়ে হত্যা মামলা করায় রুবিনাকে গ্রেপ্তার দেখানো হয়।
তাহমিনার পরিবার ও পুলিশ সূত্র জানায়, মেয়েটি সোমবার স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি। রাতে তার সন্ধানে এলাকায় মাইকযোগে প্রচার চালানো হয়। রাতে স্থানীয় লোকজন বলেন, তাহমিনাকে স্কুল ছুটি শেষে তার ভাবি রুবিনার বাড়ি যেতে দেখেছেন। পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বাথরুমে বস্তার মধ্যে তার লাশ পায়।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর বলেন, আটকের পর রুবিনা পুলিশের কাছে তাহমিনাকে হত্যার কথা স্বীকার করলেও কী কারণে হত্যা করেছেন, এ বিষয়ে কিছু বলছেন না। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
তাহমিনার বড় ভাই রুয়েল মিয়া (২৮) প্রায় ছয় মাস আগে রুবিনাকে বিয়ে করেন। রুবিনার বাবার বাড়ি আশিঘরের পাশের দক্ষিণ আশিঘরে। রুবিনা এক সপ্তাহ আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি গিয়েছিলেন।