মঠবাড়িয়ায় গৃহবধূ ও কলেজছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত বৃহস্পতিবার এক গৃহবধূ ও এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কচুবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী নূরুন্নাহার বেগম (৪০) ও ভেচকী গ্রামের মন্টু মিয়ার ছেলে মো. রনি (১৭)।
রনি উপজেলার ডা. রুস্তম আলী ফরাজী কলেজে একাদশ শ্রেণিতে পড়ত।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বসতবাড়ির একটি কক্ষে রনির লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। অন্যদিকে গৃহবধূ নূরুন্নাহার দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি ঘরে রাখা বিষাক্ত বড়ি খান। পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। কলেজছাত্রের মৃত্যু রহস্যজনক হওয়ায় তার লাশের ময়নাতদন্তের জন্য গতকাল শুক্রবার সকালে পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর পরিবারের সদস্যদের ইচ্ছায় ময়নাতদন্ত ছাড়াই গৃহবধূর লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।