মঠবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রাম থেকে গত বুধবার লাভলী বেগম (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ লাভলীর স্বামী বেলাল হোসেনকে (২৮) আটক করে জেলহাজতে পাঠিয়েছে।
লাভলীর মা শাহিদা বেগম অভিযোগ করেন, তাঁর মেয়েকে শ্বশুর পক্ষের লোকজন হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর মিঠাখালী গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে বেলাল হোসেনের সঙ্গে পৌরসভার সবুজ নগর গ্রামের মৃত শাহ আলমের মেয়ে লাভলী বেগমের ছয় বছর আগে বিয়ে হয়। ওই দম্পতির পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর বেলাল তুচ্ছ ঘটনায় লাভলীকে মারধর করতেন। গত মঙ্গলবার রাতে বেলাল স্ত্রীকে মারধর করেন। গত বুধবার সকালে খাবার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাভলীর ঝুলন্ত লাশ দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পিরোজপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বুধবার রাতে লাভলীর লাশ বাবার বাড়িতে দাফন করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই মো. মহিববুল্লাহ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাভলীর স্বামী বেলালকে ৫৪ ধারায় আটক দেখিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেয়ে মৃত্যুর কারণ জেনে পরে বেলালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।