মঠবাড়িয়ায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিখোঁজের সাত দিন পর গতকাল মঙ্গলবার সকালে ফয়সাল আহমেদ (৭) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফয়সালের প্রতিবেশী সোয়েব জমাদ্দারকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
ফয়সাল উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের কাতারপ্রবাসী বাদল জমাদ্দারের ছেলে। সে স্থানীয় তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
ফয়সালের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর দুপুর ১২টার দিকে ফয়সাল বিদ্যালয় থেকে বাড়ি ফেরে। এ সময় তার মা বাড়িতে ছিলেন না। মাকে বাড়িতে না পেয়ে সে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। বেলা দেড়টার দিকে তার মা বাড়ি ফিরে ছেলেকে না পেয়ে আত্নীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। এরপর শিশুটিকে না পেয়ে তার চাচা রাতে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল সকালে বাড়ির বাগানে ফয়সালের গলিত লাশ দেখতে পান কয়েকজন প্রতিবেশী। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসাপতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের আশরাফ আলীর ছেলে সোয়েবকে গ্রেপ্তার করা হয়। শিশুটির মা
আসমা বেগম বাদী হয়ে গতকাল বিকেলে থানায় একটি মামলা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক প্রথম আলোকে জানান, ওই দিন (২ নভেম্বর) ফয়সালের সঙ্গে মনি নামের এক শিশু খেলা করছিল। খেলা শেষে ফয়সালকে সে সোয়েবের সঙ্গে বাড়ির বাগানের দিকে যেতে দেখেছে। এ কারণে সোয়েবকে আটক করা হয়। পরে মামলা হলে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ বুধবার সোয়েবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।