মঠবাড়িয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল আলমকে চোখ উপড়ে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে জাহিদুল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হক খানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জাহিদুল আলম অভিযোগ করেন, মঙ্গলবার সকালে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে উপজেলার তেঁতুলতলা বাজারের কাছে একটি চায়ের দোকানে বসে তিনি চা পান করছিলেন। এ সময় আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হক খান সেখান দিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে জাহিদুল আলমকে দেখে নেওয়া ও চোখ উপড়ে ফেলার হুমকি দেন।
ফজলুল হক খান বলেন, ‘জাহিদুল আলম আমার ভাগনে। তাঁকে আমি কোনো হুমকি দিইনি। জাহিদুলের কর্মীদের ভয়ভীতি দেওয়ার অভিযোগ সত্য নয়।’