পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় যুবলীগের কর্মী লিটন পণ্ডিত (৩০) হত্যা মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার সকালে মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. বেল্লাল হোসেন জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পৌর মেয়র রফিউদ্দিন আহমেদের সঙ্গে জেলা আওয়ামী লীগের সদস্য ও মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ২৫ জুলাই বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই নেতার অনুসারীরা পৌর শহরে মহড়া দেওয়ার সময় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আশরাফুর রহমানের অনুসারী লিটন পণ্ডিত গুলিতে নিহত হন। এ ঘটনায় ওই দিন রাতে নিহতের বড় ভাই জাকির হোসেন পণ্ডিত বাদী হয়ে রফিউদ্দিন আহমেদসহ ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘদিন পর গতকাল আদালতে আত্মসমর্পণ করেন মেয়র রফিউদ্দিন আহমেদ।
এদিকে রফিউদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশের পর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনে তাঁর অনুসারী নেতা-কর্মীরা শহরে মিছিল বের করেন। মিছিল শেষে পৌর ভবনের সামনে পথসভা করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।