মঠবাড়িয়ায় অচেতন করে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে অচেতন করে এক নারীকে (২৮) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত সোমবার রাতে ওই নারীর বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ধানীসাফা ইউনিয়নের মো. নাঈম (২০), রাসেল মিয়া (২৪) ও নিজাম খান (২৮) নামের তিন যুবক দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন। গত শনিবার ওই যুবকেরা গৃহবধূর বাড়িতে গিয়ে কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে রাখেন। দুপুরে ওই খাবার খেয়ে গৃহবধূ অচেতন হয়ে পড়েন। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তিন যুবক তাঁকে ধর্ষণ করেন। পরের দিন সকালে অচেতন অবস্থায় ওই গৃহবধূকে পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দুপুরে তাঁর চেতনা ফেরে। এরপর তিনি ধর্ষণের বিষয়টি পরিবারের সদস্য ও চিকিৎসককে জানান। রাতে গৃহবধূর বাবা থানায় মামলা করেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফেরদৌস ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গত সোমবার দুপুরে ওই গৃহবধূ আমাকে ধর্ষণের কথা জানান। এরপর আমরা বিষয়টি স্থানীয় থানা-পুলিশকে জানাই।’

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর হাসপাতালে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।