পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ওয়ার্ড বিএনপির নেতা হাবিবুর রহমান তালুকদার (৫৮) হত্যার ঘটনায় ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হারুন অর রশিদকে প্রধান আসামি করা হয়েছে। গতকাল বুধবার সকালে হাবিবুরের ছেলে হাফিজুর রহমান মঠবাড়িয়া থানায় এ মামলা করেন। দুপুরে পুলিশ এজাহারভুক্ত আসামি মাসুম তালুকদারকে (৪৫) গ্রেপ্তার করেছে। এদিকে ঘটনার সময় তুষখালী পুলিশ ক্যাম্পে দায়িত্বরত ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক মজিবুর রহমানকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করে পিরোজপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার হাবিবুর রহমান তালুকদারের ছেলে রাকিব তালুকদারের সঙ্গে স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস তালুকদারের ভাতিজা সাইফুল তালুকদারের ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে রোববার সকালে ইদ্রিস তালুকদারের নেতৃত্বে ১৫-২০ জন লোক হাবিবুর রহমান তালুকদারকে মারধর করে তুষখালী বাজার থেকে তুলে নিয়ে যায়। পরে তুষখালী মাধ্যমিক বিদ্যালয় এলাকায় নিয়ে তাঁকে হত্যা করে সীমানাপ্রাচীরের পাশে লাশ ফেলে রাখা হয়। হাফিজুর রহমান অভিযোগ করেন, ইউপি নির্বাচনে হাবিবুর রহমান চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদারের বিরোধিতা করেন। নির্বাচন নিয়ে পূর্বশত্রুতা ও ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে হারুন অর রশিদের নির্দেশে ইউপি সদস্য ইদ্রিস তালুকদারের নেতৃত্বে হাবিবুর রহমানকে হত্যা করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে হারুন অর রশিদ তালুকদার মুঠোফোনে বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে হয়রানি করতে এ মামলায় জড়িয়েছে।’