মঠবাড়িয়ায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গতকাল সোমবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে যুবলীগের এক কর্মী গুলিতে নিহত হয়েছেন। এতে দুজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দলের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আশরাফুর রহমানের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
যুবলীগের নিহত কর্মীর নাম লিটন পণ্ডিত (৩০)। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
গুলিবিদ্ধ দুজন হলেন মো. রাশেদ (১০) এবং শাপলেজা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম (২২)। আহত বাকি পাঁচজন হলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নাজমুল আহসান, কর্মী আল আমিন, পৌর ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, পথচারী ফারুক খান ও সিদ্দিকুর রহমান। তরিকুল, নাজমুল, শরিফুল, সিদ্দিকুর ও রাশেদকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ, হাসপাতাল ও দলীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে উপজেলার গুদিঘাটা বাজারে রফিউদ্দিনের অনুসারী নাজমুল আহসানকে আশরাফুর রহমানের অনুসারী হালিম হাওলাদার, মো. সুমনসহ কয়েকজন হাতুড়িপেটা করেন। নাজমুলের আহত হওয়ার খবর পেয়ে রফিউদ্দিনের সমর্থকেরা গুদিঘাটা এলাকায় আশরাফুরের সমর্থক আল আমিনকে কুপিয়ে জখম করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর থেকে দুই পক্ষ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে উপজেলা শহরে মহড়া দিতে থাকে। একপর্যায়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের কেন্দ্রীয় হরিমন্দির এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আশরাফুরের পক্ষের লিটন গুলিবিদ্ধ হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে লিটনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষের জের ধরে সন্ধ্যা ছয়টার দিকে আশরাফুরের অনুসারী শরিফুল ইসলামের নেতৃত্বে রফিউদ্দিনের বাসায় হামলা চালানো হয়। এ সময় তরিকুল ও পথচারী রাশেদ গুলিবিদ্ধ হন এবং শরিফুল, ফারুক ও সিদ্দিকুর জখম হন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফেরদৌস ইসলাম বলেন, সন্ধ্যা ছয়টার দিকে গুলিবিদ্ধ লিটনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
রফিউদ্দিন আহমেদ বলেন, ‘সন্ধ্যা ছয়টার দিকে শরিফুল ইসলাম ও আশরাফুর রহমানের বড় ভাই রিয়াজ উদ্দিনের নেতৃত্বে আমার বাসায় হামলা চালিয়ে নেতা-কর্মীদের ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। নিজেদের পক্ষের লোকজনের গুলিতে লিটন মারা যায়।’
আশরাফুর রহমানের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। তাঁর বড় ভাই রিয়াজ উদ্দিন বলেন, ‘মেয়র রফিউদ্দিনের লোকজনের গুলিতে আমাদের কর্মী লিটন মারা গেছেন।’ তিনি পৌর মেয়রের বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মাতুব্বর বলেন, ‘২ জুলাই আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তখন দ্বন্দ্ব নিরসন করার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু কাজ হয়নি।’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মেয়রের বাসায় আওয়ামী লীগের এক পক্ষ হামলা করতে গেলে পুলিশ ছয়টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের তিনটি শেল ছোড়ে। পুলিশ মেয়রের বাসার সামনে সংঘর্ষ থামাতে ব্যস্ত থাকায় কেন্দ্রীয় হরিমন্দিরের সামনে সংঘর্ষে বন্দুকের গুলিতে একজন নিহত হন।
পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) ওয়ালিদ হোসেন রাত সাড়ে আটটার দিকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মঠবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি।