মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারকে লক্ষ্য করে বোমা ফাটিয়ে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত পৌনে ১১টার দিকে পৌরশহরের কুয়েত প্রবাসী হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নাসির হোসেন হাওলাদার প্রথম আলোকে জানান, কুয়েত প্রবাসী হাসপাতালের সামনে ইসরাত মেডিকেল হলের মধ্যে বসে নাসির হোসেন হাওলাদার বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। রাত পৌনে ১১টার দিকে মঠবাড়িয়া-তুষখালী সড়কের উত্তর দিক দিয়ে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি মেডিকেল হলের সামনে প্রথমে একটি বোমা ফাটান। এরপর তাঁকে লক্ষ্য করে পিস্তল দিয়ে দুটি গুলি ছুড়ে। এ সময় নাসির হোসেন ও তাঁর পাশে থাকা ব্যক্তিরা মেঝেতে লুটিয়ে পড়লে গুলি লক্ষ্যচ্যুত হয়। বোমার আঘাতে সড়কের পাশে দাঁড়ানো মঠবাড়িয়া সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান আহত হন। খবর পেয়ে মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তফা কামাল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী দুজন ব্যক্তি বলেন, প্রথমে বোমা ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে তারপর গুলি করে দুর্বৃত্তরা। তাঁরা তিনটি শব্দ শুনেছেন।
মঠবাড়িয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, স্থানীয়ভাবে তৈরি বোমা ফাটানো হয়েছে। ইউপি চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার দাবি করেছেন তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে।