পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে কাইউম হোসেন (৩৫) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন। গত সোমবার সন্ধ্যায় পৌর শহরের দক্ষিণ বন্দর এলাকার খাদ্যগুদামের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে।
কাইউম হোসেন উপজেলার বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
পুলিশ, হাসপাতাল ও আহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটার দিকে কাইউম মোটরসাইকেলে মঠবাড়িয়া থেকে বড়মাছুয়া যাচ্ছিলেন। মঠবাড়িয়া শহরেরখাদ্যগুদামের কাছে মোটরসাইকেলের গতিরোধ করে কাইউমকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষের লোকজন। স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে ওই রাতেই তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোমবার রাতে কাইউমের ভাই আবদুল হালিম বাদী হয়ে বড় মাছুয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল শেখকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি মামুন ফকির ও নয়ন হাওলাদারকেগ্রেপ্তার করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফেরদৌস ইসলাম বলেন, কাইউমের দুই পায়ে ধারালো অস্ত্রের আটটি এবং মাথায় একটি কোপের জখম রয়েছে। তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদের সঙ্গে জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমানের বিরোধ রয়েছে। গত বছরের ২৫ জুলাই দুই নেতার লোকজনের মধ্যে সংঘর্ষে লিটন পণ্ডিত নামের এক যুবলীগ কর্মী খুন হন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রফিউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে মামলা করেন। এরপর থেকে দুই নেতার অনুসারীরা প্রায়ই হামলা ও সংঘর্ষে লিপ্ত রয়েছেন। ইউপি সদস্য কাইউম রফিউদ্দিনের অনুসারী এবং তাঁকে কুপিয়ে জখম করা মামলার আসামি জুয়েল শেখ ও মাইনুল ইসলাম আশরাফুর রহমানের অনুসারী।