জমি নিয়ে বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত বুধবার সন্ধ্যায় মাইনুল ইসলাম নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তাঁর দুই পায়ের রগ কেটে গেছে। এ ঘটনায় যুবলীগের স্থানীয় এক নেতাসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, মাইনুল (৩০) একজন হোমিও চিকিৎসক। বাড়ি উপজেলার বকসির ঘটিচোরা গ্রামে। জমি নিয়ে একই গ্রামের বাবু শরীফের সঙ্গে তাঁর দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। বাবু মঠবাড়িয়া সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। বুধবার সন্ধ্যা সাতটার দিকে বাবুর নেতৃত্বে আট থেকে দশজন যুবক মঠবাড়িয়া পৌর শহরে মাইনুলের চিকিৎসালয়ে যান। এ সময় মাইনুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মাইনুলের দুই পায়ের গোড়ালির ওপরের রগ কেটে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাইনুলের ভাই আমিনুল ইসলাম অভিযোগ করেন, তাঁর ভাইকে কুপিয়ে গুরুতর জখম করার পর এ ঘটনায় মামলা না করতে বাবু শটগান প্রদর্শন করে ভয়ভীতি দেখান।
মামলার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় বুধবার রাতেই বাবুকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।