মঠবাড়িয়ায় গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কালিকাবাড়ি গ্রাম থেকে গতকাল বুধবার সকালে আবদুল মান্নান হাওলাদার (৭০) নামের এক ব্যক্তির গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। আবদুল মান্নান হাওলাদার কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
থানা-পুলিশ ও মারা যাওয়া ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাতের খাবার খেয়ে আবদুল মান্নান হাওলাদার ঘুমিয়ে পড়েন। গতকাল ভোর সাড়ে চারটার দিকে পরিবারের সদস্যরা ঘুম থেকে জেগে ঘরের দরজা খোলা দেখতে পান। এ সময় আবদুল মান্নানকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর বাড়ির সামনের পুকুর পাড়ে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন। থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
আবদুল মান্নান হাওলাদারের ছেলে আবু জাফর হাওলাদার অভিযোগ করেন, আবদুল মান্নানের সঙ্গে তাঁর ভাইয়ের ছেলে মিরাজ হাওলাদারের জমি নিয়ে বিরোধ রয়েছে। দেড় মাস আগে মিরাজ জোর করে আবদুল মান্নানের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন। এ ঘটনায় গত ২৪ আগস্ট আবদুল মান্নান বাদী হয়ে মিরাজের বিরুদ্ধে আদালতে মামলা করেন। জমি নিয়ে বিরোধের জের ধরে মিরাজ আবদুল মান্নানকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখেন।
মিরাজ হাওলাদার মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আদালতে মামলা করার পর বিষয়টি নিয়ে কয়েক দিন আগে সালিস বৈঠক হয়েছে। আমরা উভয় পক্ষ সালিসের মাধ্যমে বিরোধ মীমাংসা করে ফেলার অঙ্গীকার করেছি।’