মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী বাজার এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় মামুনুর রশিদ (২৬) নামের ছাত্রলীগের
এক নেতাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। তাঁকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মামুন উপজেলার ধানীসাফা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তাঁর বাড়ি ধানীসাফা গ্রামে।
পুলিশ, হাসপাতাল ও আহত ব্যক্তির পারিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তুষখালী বাজারের একটি চায়ের দোকানে বসে মামুন বন্ধুদের সঙ্গে চা পান করছিলেন।
এ সময় ছাত্রলীগের সাফা ডিগ্রি কলেজ শাখার সাধারণ সম্পাদক আরিফ হোসেন ব্যাপারীর নেতৃত্বে ৮ থেকে ১০ যুবক সেখানে গিয়ে মামুনকে মারধর করতে থাকেন। লাঠির আঘাতে তাঁর মাথা ফেটে যায়। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মামুনের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে ধানীসাফা ইউনিয়ন ছাত্রলীগ সাফা বাজারে মিছিল বের করে।
মামুন বলেন, পূর্বশত্রুতার জের ধরে আরিফ ব্যাপারী ও তাঁর লোকজন আমার ওপর হামলা চালিয়েছে।
তবে আরিফ ব্যাপারী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এ হামলার ঘটনায় জড়িত নই।’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।