মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতাকে প্রতিপক্ষের হাতুড়িপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া এলাকায় গতকাল শনিবার সকালে পূর্বশত্রুতার জের ধরে এনামুর রহমান (২৬) নামের ছাত্রলীগের এক নেতাকে হাতুড়িপেটা করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত এনামুর রহমানকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনামুর রহমান উপজেলার টিকিকাটা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও সূর্যমণি গ্রামের আনসার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে এনামুর রহমান ইট কেনার জন্য মোটরসাইকেলে করে বাড়ি থেকে বরগুনার বামনা উপজেলায় যাচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে বাইশকুড়া এলাকায় টিকিকাটা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ইসমাইল খানের নেতৃত্বে সাত-আটজন যুবক তাঁর মোটরসাইকেলের গতি রোধ করেন। এরপর তাঁকে মোটরসাইকেল থেকে নামিয়ে টানাহেঁচড়া করে পার্শ্ববর্তী একটি কমিউনিটি ক্লিনিকের কাছে নিয়ে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন। এনামুরের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এনামুর রহমান বলেন, ‘মারপিট করার সময় আমার সঙ্গে থাকা ইট কেনার ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা।’
টিকিকাটা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ইসমাইল খান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি মঠবাড়িয়া উপজেলা সদরে ছিলাম। সকালে বাড়ি যাওয়ার সময় দেখতে পাই, স্থানীয় কিছু লোকজন এনামুরকে মারপিট করছে। এনামুর বাইশকুড়া এলাকার লোকজনের সঙ্গে সম্প্রতি মারপিট করেছিল। ওই ঘটনার জের ধরে বাইশকুড়া গ্রামের লোকজন তাকে মারপিট করেছে।’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এনামুর রহমান ও ইউপি সদস্য ইসমাইলের মধ্যে এলাকায় আধিপত্য বজায় রাখা নিয়ে বিরোধ রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম জানান, এনামুর রহমান টিকিকাটা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক।