মঠবাড়িয়ায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে সভাপতিসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গতকাল শনিবার বিকেলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ চারজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম (২৮), উপজেলা আওয়ামী লীগের সদস্য সিপন হাওলাদার (৩৩) এবং ছাত্রলীগ কর্মী বজলুর রহমান (১৯) ও মো. রুম্মান (২৪)।
দলীয় নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের সঙ্গে পৌর ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। নজরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদের অনুসারী। অন্যদিকে শরিফুল ইসলাম জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমানের অনুসারী। গতকাল শনিবার বেলা ২টার দিকে পৌর শহরের মমিনিয়া দাখিল মাদ্রাসার সামনে ছাত্রলীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় নজরুল পক্ষের মো. রুম্মান নামের এক ছাত্রলীগ কর্মী আহত হন। এ ঘটনার পর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের সঙ্গে সংগঠনের নেতা-কর্মীরা পৌর শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় রফিউদ্দিন আহমেদের বাসার সামনে অবস্থান নেন। বেলা ২টার দিকে শরিফুলের লোকজন পৌর মেয়রের বাসায় গিয়ে হামলা করেন। এ সময় প্রতিপক্ষের রামদার আঘাতে নজরুল ইসলামের ডান চোখের ওপর এবং বাঁ হাত জখম হয়। এ ছাড়া সিপন হাওলাদার ও বজলুর রহমান আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলাম ও সিপন হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ হামলার প্রতিবাদে বিকেলে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ শহরে মিছিল বের করে। বিকেলে এ প্রতিবেদন লেখার সময় ছাত্রলীগের দুই পক্ষ শহরে অবস্থান নিয়েছে।
পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ অভিযোগ করেন, তাঁর উপস্থিতিতে পৌর ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের একটি পক্ষ হামলা চালিয়ে নজরুলকে কুপিয়ে এবং সিপন ও বজলুকে পিটিয়ে আহত করেছে।
তবে শরিফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি দুই পক্ষের মারপিট থামিয়েছি। নজরুল ইসলামের লোকজন আমার পক্ষের দুই ছাত্রলীগ নেতাকে মারপিট করেছে।’ ওই পক্ষটি পৌর ছাত্রলীগের কার্যালয়ে ভাঙচুর চালায় বলে শফিকুল ইসলাম অভিযোগ করেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান গতকাল শনিবার বিকেল পাঁচটায় বলেন, শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।