পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী বাজারে গত বুধবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর সন্ধ্যায় ঝালকাঠি শহরের ডাক্তারপট্টি এলাকার মুসলিম গিনি হাউস নামের এক স্বর্ণের দোকানে বোমা ফাটিয়ে ১১৪ ভরি স্বর্ণালংকার লুট হয়। এ ঘটনায় মঠবাড়িয়া উপজেলার মিরুখালী গ্রামের তৌহিদুল ইসলাম মুনশি ও সিরাজুল ইসলাম হাওলাদার নামের দুই ডাকাত স্বর্ণালংকারসহ গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়া ডাকাতেরা পুলিশের কাছে এ ঘটনায় জড়িত মঠবাড়িয়া উপজেলার আরও কয়েকজনের নাম বলেন। সম্প্রতি মঠবাড়িয়ার দাউদখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ঝালকাঠি থানা-পুলিশের কাছে কয়েকজন ডাকাতের ব্যাপারে তথ্য দেন। বিষয়টি জানাজানি হলে শহিদুলের ওপর ক্ষুব্ধ হন দাউদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান। এ ঘটনার জের ধরে বুধবার বিকেলে মিরুখালী বাজারে বজলুর রহমানের নেতৃত্বে ৮-১০ জন শহিদুল ও তাঁর তিন ভাইয়ের ওপর হামলা চালান। এ সময় শহিদুল নিরাপদে চলে যান। তবে দুই পক্ষের সংঘর্ষে শহিদুলের ভাই নাসির উদ্দিন (৪৮), ফরিদ উদ্দিন (৪৬), আলমগীর হোসেন (৪৪) এবং প্রতিপক্ষের আলতাফ হোসেন (৪৫) ও দুলাল হোসেন (২৫) আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদ উদ্দিন ও আলমগীর হোসেনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শহিদুল ইসলাম বলেন, ‘ঝালকাঠিতে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় আমাদের এলাকার কয়েকজন ডাকাত জড়িত। আমি ঝালকাঠি পুলিশকে এ ব্যাপারে তথ্য দিলে ডাকাতেরা তা জেনে যায়। এ কারণে ডাকাতদের আত্মীয়স্বজন আমাকে না পেয়ে আমার তিন ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন।’
বজলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ মারপিটের ঘটনা ঘটেছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান গতকাল বিকেলে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।