মঠবাড়িয়ায় দুর্বৃত্তের হামলায় আহত শিক্ষকের মৃত্যু
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে আহত অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদ উদ্দিন (৭০) মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে গতকাল বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফরিদ উদ্দিনের বাড়ি উপজেলার বেতমোর গ্রামে। তিনি বেতমোর আশরাফুল উলুম সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ ছিলেন।
পুলিশ ও নিহত শিক্ষকের পারিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ফরিদ এশার নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা দা দিয়ে তাঁর মাথা ও শরীরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পথচারীরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সোমবার রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার উন্নতি না হলে চিকিৎসকের পরামর্শে পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই দিনই তাঁকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুর ১২টার দিকে তিনি মারা যান।