পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোটকেন্দ্রের বাইরে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত পাঁচজনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার মাগরিবের নামাজ শেষে তাঁদের জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারগুলো জানিয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়ায় গতকাল রাত আটটার দিকে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সংঘর্ষে পাঁচজন নিহত হন। তাঁরা হলেন বেলাল মোল্লা (৩০), সোলায়মান হাওলাদার (১৯), মোহাম্মদ সোহেল (২৫), শাহাদাত হোসেন (৩০) ও কামরুল মৃধা (২৫)। তাঁদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি মঠবাড়িয়ার বুড়িরচরে এবং বাকি দুজনের বাড়ি পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার হরিণতালা গ্রামে। নিহত পাঁচজনই মঠবাড়িয়ার ধানীসাফা ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদের কর্মী বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মাতুব্বর। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হন। এর মধ্যে আহত সাতজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সাফা ডিগ্রি কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দীপাঞ্চল পাল প্রথম আলোকে বলেন, তিনি সন্ধ্যা সাড়ে সাতটায় ফলাফল ঘোষণা করতে যান। এ সময় আওয়ামী লীগের কর্মীরা বাধা দেন। একপর্যায়ে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি ছোড়া হয়।
জেলা পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন বলেন, এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।